আট মাসে ২০২ মামলা, দণ্ডিত ৩২৮ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী থানায় গত আট মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০২টি মামলা করা হয়েছে। এ ছাড়া মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে সাজা হয়েছে ৩২৮ জনের।
থানা-পুলিশের হিসাবমতে, গত ৪০ বছরের মধ্যে এত পরিমাণ মাদকের মামলা আর হয়নি এ থানায়। মাদকদ্রব্যের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে ইয়াবা ও হেরোইনের।
ঈশ্বরদী থানা সূত্রে জানা গেছে, মাদকের ভয়াবহ বিস্তার প্রতিরোধের জন্য সম্প্রতি পাবনা জেলায় মাদকের বিরুদ্ধে পুলিশি তৎপরতা জোরদার করা হয়। এ কারণেই ঈশ্বরদীতে মাদক ব্যবসায়ী ও সেবীদের গ্রেপ্তারের সংখ্যা বেড়ে গেছে। গত জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এ উপজেলায় গড়ে প্রতি মাসে মাদক মামলা হয় ২৫টি করে। এর মধ্যে ফেব্রুয়ারি মাসেই হয়েছে ৩৯টি মামলা।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ জানান, ছয় মাস আগে শহরের প্রবেশমুখে রাস্তায় বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট। গ্রেপ্তারের সাত দিনের মধ্যে মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হচ্ছে। ফলে মামলার সংখ্যা বেড়েছে।