আট মাসে ২৯১ শিশু ধর্ষণের শিকার
চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮ মাসে শিশু হত্যার ২৩টি ঘটনা ঘটেছে। এ সময়ের মধ্যে ২৯১ শিশু ধর্ষণের শিকার হয়েছে, যাদের ৩৯ জনই গণধর্ষণের শিকার। ধর্ষণের শিকার শিশুদের মধ্যে ২৮ জন ছিল প্রতিবন্ধী।
বাংলাদেশ শিশু অধিকার ফোরামের গত আট মাসের তথ্যের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ১০টি পত্রিকার সংবাদ পর্যালোচনা করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সামগ্রিকভাবে শিশু নির্যাতন বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা।
২৬৭টি এনজিওর মোর্চা বাংলাদেশ শিশু অধিকার ফোরাম এক বিজ্ঞপ্তিতে প্রতিবেদনের তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনের তথ্য বলছে, আট মাসে উত্ত্যক্ততার শিকার হয় ৩১ জন মেয়ে শিশু। বখাটের প্রেম/বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান এবং প্রতিবাদ করায় হামলা, মারধর ও লাঞ্ছনার শিকার হয় ২০ জন মেয়ে শিশু।
গত আট মাসে ১৮৩ শিশুকে হত্যা করা হয়। তাদের মধ্যে ৪৪ জনের নিখোঁজের পর লাশ উদ্ধার করা হয়। ১১ শিশুকে অপহরণের পর মুক্তিপণের জন্য হত্যা করা হয়। ৪৩ শিশু মা-বাবার হাতে হত্যার শিকার হয়। ১৪ জন শিশুকে পিটিয়ে নির্যাতন করে হত্যা করা হয়। এই সময়ে ১৮ শিশুর ধর্ষণের মামলার রায় হয়েছে। তবে রায় হওয়া মামলাগুলো ছিল ২০১০ সাল থেকে গত বছর বা তারও আগের সময়ের।
আট মাসে ১৩৫ শিশু অপহরণের শিকার হয়, যাদের মধ্যে ১০৩ জনকে অপহরণের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার করে। ২০৫ জন শিশু শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক শাস্তি/নির্যাতনের শিকার হয়েছে এবং ৬৩ শিশুকে পিটিয়ে নির্যাতন করে আহত করা হয়েছে। —বিজ্ঞপ্তি