আট মাসেও গ্রেপ্তার হয়নি আসামিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আদিবাসী এক বিধবা নারীকে ধর্ষণচেষ্টার মামলার দুই আসামিকে আট মাসেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এদিকে এক আসামির ভাইয়ের দায়ের করা ‘সাজানো’ মামলায় আদিবাসীদের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত৷
আদিবাসী ও এলাকাবাসী সূত্র জানায়, ধর্ষণচেষ্টার মামলার অভিযোগপত্র থেকে একজন আসামির নাম বাদ দেওয়া হয়েছে৷ অভিযোগপত্র দাখিলের ছয় মাস পরেও অন্য আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি৷ অথচ ওই মামলার আসামির ভাইয়ের করা একটি সাজানো মামলায় সমন জারি হয়েছে ওই নারী ও তাঁর ভাইসহ ছয়জন আদিবাসীর বিরুদ্ধে৷
ধর্ষণচেষ্টার শিকার নারী, এলাকাবাসী ও মামলার এজাহারের বিবরণ অনুযায়ী, গত বছর ১৫ অক্টোবর দিবাগত রাতে উপজেলার বামনগড় এলাকার আয়েশ উদ্দিন (৪৫) আদিবাসী ওই নারীর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। তাঁর চিৎকারে আশপাশের কয়েকজন এসে আয়েশ উদ্দিনকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং স্থানীয় জনপ্রতিনিধিকে খবর দেন৷ এরই মধ্যে আয়েশ উদ্দিনকে আটকের খবর পেয়ে যান তাঁর বেয়াই (ছেলের শ্বশুর) চরকাই বন বিভাগের হরিপুর বিটের মালি আমিনুর রহমান৷ আমিনুর স্থানীয় কিছু লোকজনসহ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে আদিবাসীদের ধাওয়া করে তাঁকে ছিনিয়ে নিয়ে যান৷
এ ঘটনায় ২৩ অক্টোবর ওই নারী আয়েশ উদ্দিন এবং আমিনুর রহমানকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নবাবগঞ্জ থানায় মামলা করেন৷
ওই রাতে আয়েশ উদ্দিনকে মারধরের মিথ্যা অভিযোগে তাঁর ছোট ভাই আলাউদ্দিন ওই নারী ও নারীর ভাইসহ ছয়জন আদিবাসীর বিরুদ্ধে দিনাজপুর আদালতে ৩০ অক্টোবর মামলা করেন৷ এ মামলায় ২২ মে আসামিদের বিরুদ্ধে আদালত থেকে সমন জারি করা হয়৷
এ বিষয়ে আয়েশ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি বন বিভাগের হরিপুর বিটে ওয়াচার পদে চাকরি করি৷ ঘটনার দিন আমি ও আমিনুর রহমান বন পাহারা দিচ্ছিলাম৷ এ সময় আদিবাসীরা আমাদের ওপর হামলা করে৷ এ ছাড়া ধর্ষণচেষ্টার মামলায় আমি দিনাজপুর আদালত থেকে জামিন নিয়ে এসেছি৷’
তবে আমিনুর রহমান বলেন, ‘ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম। বন পাহার দিইনি। না জানিয়েই আলাউদ্দিনের করা মামলায় আমাকে সাক্ষী করা হয়েছে৷’
চরকাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পর হরিপুর বিটের মালি আমিনুর রহমান বন বিভাগের মাধ্যমে আদিবাসীদের বিরুদ্ধে গাছ চুরির মামলা দিতে চেয়েছিলেন৷ এ ঘটনা জানার পর আমি মামলা করতে দিইনি। আর আয়েশ উদ্দিন নামে হরিপুর বিটে কেউ চাকরি করেন না৷’
ওই নারী ও স্থানীয় আদিবাসী নেতারা অভিযোগ করেন, মামলার পর পুলিশ আসামিদের গ্রেপ্তারে কোনো তৎপরতা চালায়নি৷
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বলেন, মামলায় শুধু আয়েশ উদ্দিনের জড়িত থাকার সত্যতা পাওয়ায় তাঁর বিরুদ্ধে ৩০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে৷ তাঁর জামিনের কোনো কাগজ আদালত থেকে পাওয়া যায়নি৷
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, অভিযোগপত্র দাখিলের দু-তিন মাসের মধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার কথা৷ মমলার তদন্তকারী কর্মকর্তাকে দ্রুত আয়েশ উদ্দিনকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান৷