আট মাসেও ঠিকাদার নতুন ভবনের কাজ শুরু করেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্যাদেশ দেওয়ার আট মাস পরও কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম আদর্শ উচ্চবিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ শুরু করেননি ঠিকাদার।
বিদ্যালয় কর্তৃপক্ষ কার্যাদেশ পাওয়া ঠিকাদারের কাছে বারবার ধরনা দিলেও কোনো কাজ হয়নি। নতুন ভবন নির্মিত না হওয়ায় বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনেই শিক্ষার্থীদের ক্লাস নিতে বাধ্য হচ্ছেন শিক্ষকেরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এরপর ১৯৯৬ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট বিদ্যালয়ের জন্য একতলাবিশিষ্ট একটি ভবন নির্মাণ করে। ২০০২ সালে প্রায় ৫০ হাজার টাকা ব্যয়ে ভবনটি সংস্কার করা হয়। এরপর টানা ১০ বছর ভবনটি আর মেরামত না করায় তা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২০১২-১৩ অর্থবছরে দোতলা ভবন নির্মাণের জন্য প্রায় এক কোটি ২২ লাখ টাকা বরাদ্দ দেয়। নাসির উদ্দিন নামের এক ঠিকাদার ভবনটি নির্মাণের কার্যাদেশ পান। কার্যাদেশ অনুযায়ী গত ফেব্রুয়ারিতে কাজ শুরু এবং আগামী ফেব্রুয়ারিতে কাজ শেষ করার কথা। কিন্তু ঠিকাদার কাজই শুরু করেননি। ভবনটি নির্মাণ না হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ পুরোনো ঝুঁকিপূর্ণ ভবনটিতেই শিক্ষার্থীদের পাঠদান করাতে বাধ্য হচ্ছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, পুরোনো একতলাবিশিষ্ট ভবনের পিলার ও ছাদে ফাটল ধরেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রমজান আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, কার্যাদেশ পাওয়া ঠিকাদার নাসির উদ্দিন সাত মাসেও কাজ শুরু করেননি। তাঁর অবহেলার কারণে ভবন নির্মাণ পিছিয়ে পড়ছে।
এ ব্যাপারে ঠিকাদার নাসির উদ্দিন বলেন, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে ওই বিদ্যালয়ে মালামাল নেওয়া সম্ভব হয়নি। তবে আগামী মাসের মধ্যে এ ভবন নির্মাণের কাজ শুরু করা হবে বলে তিনি জানান।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কক্সবাজারের সহকারী প্রকৌশলী মুজিবুল হক বলেন, রাস্তা ভাঙার কারণে ঠিকাদার যথাসময়ে ভবনের নির্মাণকাজ শুরু করতে পারেননি।