আট মাসেও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুনিও হোশি  হত্যা মামলা
কুনিও হোশি হত্যা মামলা

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যার পর আট মাসের বেশি সময় পার হলেও পুলিশ এই মামলার তদন্ত শেষ করতে পারেনি। অথচ গত ডিসেম্বরে রংপুরের পুলিশ বলেছিল, কুনিও হত্যায় সরাসরি জড়িত জেএমবির তিন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর আরও ছয় মাস পেরিয়ে গেছে।
মামলার তদন্ত শেষ করে দোষী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে আর কত দিন লাগতে পারে জানতে চাইলে রংপুর পুলিশ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক সম্প্রতি প্রথম আলোকে বলেন, তদন্ত শেষ করে চলতি মাসেই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে।
মামলার নথিপত্র অনুযায়ী, এই মামলায় নয়জন গ্রেপ্তার আছেন। এঁদের মধ্যে চারজন নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে যুক্ত। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁরা হলেন জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা (৩৩), কমান্ডার খয়বর হোসেন (৩২), সদস্য ইছাহাক আলী (৩৪) ও আবু সাঈদ (২৮)। চারজনেরই বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়। এঁদের মধ্যে মাসুদ রানা ও ইছাহাক গত ডিসেম্বরেই আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

পুলিশ জানায়, ইছাহাক আলী আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছেন মাসুদ, খয়বরসহ তিনি একটি মোটরসাইকেলে করে ঘটনাস্থল আলুটারি গ্রামে যান। কুনিওকে গুলি করেন মাসুদ।

গত ফেব্রুয়ারিতে রংপুরের তৎকালীন ডিআইজি সংবাদ সম্মেলনে বলেছিলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জে মঠপ্রধানকে হত্যার পর যে দুটি পিস্তল উদ্ধার হয়েছে, এর একটি দিয়ে কুনিওকে গুলি করা হয়েছিল বলে পুলিশ নিশ্চিত হয়েছে। এরপর আরও চার মাস পার হয়েছে। কিন্তু তদন্ত শেষ হয়নি। এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ও কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী প্রথম আলোকে বলেন, তদন্ত প্রায় শেষ পর্যায়ে। অভিযোগপত্র জমা দেওয়ার প্রস্তুতি চলছে।

গত বছরের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিওকে হত্যা করা হয়। ঘটনার পরপর আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস দায় স্বীকার করে। অবশ্য আইএসের এ দাবিও সরকার ও পুলিশ প্রত্যাখ্যান করে। ঘটনার পর সন্দেহভাজন হিসেবে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন কুনিওর ব্যবসায়িক সহযোগী হুমায়ুন কবির, রংপুর মহানগর বিএনপির সদস্য রাশেদ-উন-নবী খান, রংপুর মহানগর যুবদলের সদস্য রাজীব হাসান, রংপুর শহরের জুম্মাপাড়ার নওশাদ হোসেন ও শালবন মিস্ত্রিপাড়ার কাজল চন্দ্র বর্মণ। কিন্তু পরে জেএমবির সম্পৃক্ততা পেলেও এই পাঁচজন ছাড়া পাননি। তাঁদের অভিযোগপত্রে আসামি করা হবে কি না, সেটা নিয়েও পুলিশ এখন কিছু বলছে না।