আট মাসেও ফল প্রকাশ হয়নি, বিভাগে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা দেওয়ার আট মাস পরও ফল প্রকাশ না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা বিভাগে তালা দিয়েছেন। রোববার স্নাতক (সম্মান) শ্রেণির সমাপনী পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা বিভাগে তালা দেন।

১৯তম ব্যাচের একাধিক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, গত বছরের ২০ আগস্ট পরীক্ষা শুরু হয়ে পরের মাসের ২০ তারিখ তাঁদের স্নাতক শ্রেণির সমাপনী পরীক্ষা শেষ হয়। কিন্তু এখনো তাঁদের পরীক্ষার ফল প্রকাশ করা হয়নি।
শিক্ষার্থীরা জানান, এই ব্যাচে তাঁদের ১২ জন শিক্ষার্থীর মধ্যে দুটি কোর্সে আটজনই ফেল করেছেন। উনিশ শতকের শিল্পকলা ও বিশ শতকের শিল্পকলা শিরোনামের ওই দুটি কোর্সই নিয়েছেন বিভাগের একজন অধ্যাপক। চূড়ান্ত পরীক্ষা শুরু হওয়ার আগে ইনকোর্স পরীক্ষার ফল প্রকাশের কথা থাকলেও তখন ফল প্রকাশ হয়নি। সবাইকেই চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়। পরীক্ষার দুই মাস পর তাঁদের ইনকোর্সের নম্বর জানানো হলে সেখানে তাঁরা দেখেন ২৫ নম্বরের মধ্যে তিনজন শূন্যসহ আটজন ফেল করেছেন। শূন্য পাওয়া ছাত্ররা নির্দিষ্ট সময়ে ওই শিক্ষকের অ্যাসাইনমেন্ট জমা দিতে পারেননি।
এখন তাঁদের চূড়ান্ত পরীক্ষার ফল কীভাবে প্রকাশিত হবে এ নিয়ে দ্বিধায় রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে দীর্ঘ আট মাস ধরে আটকে আছে বিভাগের ফল। ফল প্রকাশিত না হওয়ায় পরের ব্যাচগুলোর শিক্ষার্থীরাও সেশনজটে পড়ছেন। প্রতিবাদে বিভাগের শিক্ষার্থীরা রোববার বিভাগের চারটি ফটকে তালা লাগিয়ে দেন।
জানতে চাইলে শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যান সাবরিনা শাহনাজ প্রথম আলোকে বলেন, চারুকলা অনুষদের ডিন এ বিষয়ে ভালো বলতে পারবেন।
ডিন অধ্যাপক নিসার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটা রিপোর্ট করার মতো কোনো ঘটনা নয়।’