আট মাসেও ফেরত পাওয়া যায়নি ১৩ প্রকল্পের অর্থ
নড়াইলের লোহাগড়া উপজেলার গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর) ১৩টি প্রকল্পের বরাদ্দ আত্মসাতের দ্বিগুণ অর্থ আট মাসেও ফেরত দেওয়া হয়নি। গত বছরের ২৯ ডিসেম্বর এসব প্রকল্পের দ্বিগুণ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় (পিআইও) সূত্রে জানা গেছে, গত বছরের এপ্রিল ও জুনে উপজেলায় ৯০ লাখ ২৮ হাজার নগদ টাকা এবং ৩২২ দশমিক ৭৩ টন গম বরাদ্দ দেওয়া হয়। এ বরাদ্দে মোট ৫০৮টি প্রকল্প তৈরি করা হয়। গত বছর ৩০ জুনের মধ্যে এসব প্রকল্পের কাজ শেষ দেখানো হয়। পিআইও সৈয়দ মো. আজিমউদ্দিন জানান, উপজেলার ১৩ জন কর্মকর্তাকে দিয়ে সব প্রকল্প সরেজমিনে তদন্ত করানো হয়। এর মধ্যে পৌর এলাকা ও ১২টি ইউনিয়নে ১৭০টি প্রকল্পের নগদ টাকা ও গম উত্তোলন করা হলেও প্রকল্পগুলোর কোনো কাজই হয়নি বলে তদন্ত কর্মকর্তারা প্রতিবেদন দেন। এসব প্রকল্পের সভাপতিকে কারণ দর্শানো হয়। পরে টাকা ফেরতের জন্য চিঠি দেওয়া হয়। এরপরও ১৪টি প্রকল্পের কাজ একদম না করে পুরো টাকা আত্মসাৎ করা হয়। এই ১৪ প্রকল্পের সভাপতিকে গত বছর ২৯ ডিসেম্বর বরাদ্দের দ্বিগুণ টাকা ফেরত দিতে চিঠি দেওয়া হয়। এর মধ্যে একটি প্রকল্পের অর্থ জমা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনা মাসুদউজ্জামান বলেন, এসব প্রকল্প-সংশ্লিষ্টদের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা হবে। তাঁদের এখন দ্বিগুণ টাকা ফেরত দিতেই হবে।