দেশের পরিত্যক্ত বাড়ি-সংক্রান্ত মামলার বিচারের জন্য দুটি আদালত থাকলেও কার্যক্রম পরিচালনার অনুমতি পাচ্ছে না আট মাস ধরে। আদালত দুটি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত।
প্রতি এক বছরের জন্য এই আদালত দুটির অনুমোদন দেয় সরকার। গত বছরের ৩১ মে আগের আদালতের মেয়াদ শেষ হয়েছিল। এরপর থেকে অনুমোদন না পাওয়ায় আদালত দুটির বিচারকাজে স্থবিরতা চলছে। এতে বিচারপ্রার্থীরা সমস্যায় পড়েছেন।
গণপূর্ত মন্ত্রণালয়ের সূত্রমতে, মুক্তিযুদ্ধের সময় অনেকে বাড়িঘর ফেলে পাকিস্তান চলে গেছে। তখন সরকার এসব বাড়িকে পরিত্যক্ত হিসেবে চিহ্নিত করে। ১৯৮৬ সালে এসব বাড়ির বিষয়ে গেজেট জারি করে সরকার। এর মধ্যে সরকারের দখলে থাকা বাড়িগুলো ‘ক’ তফসিলভুক্ত এবং ব্যক্তির দখলে চলে যাওয়া বাড়িগুলো ‘খ’ তফসিলভুক্ত। এ নিয়ে অনেক মামলা আছে। এসব মামলার বিচারের জন্য ১৯৮৬ সালে দুটি আদালত গঠন করে সরকার। এর মধ্যে ‘প্রথম কোর্ট অব সেটেলমেন্ট’ শুধু ঢাকার পরিত্যক্ত বাড়ি এবং ‘দ্বিতীয় কোর্ট অব সেটেলমেন্ট’ ঢাকা ছাড়া সারা দেশের পরিত্যক্ত বাড়িগুলোর মামলার বিচার করে। রাজধানীর সেগুনবাগিচায় আদালত দুটির অবস্থান।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সূত্রমতে, ১ জুন থেকে ৩১ মে পর্যন্ত এক বছর ধরে আদালতের অনুমোদন দেওয়া হয়। তিন সদস্যের আদালতের চেয়ারম্যান হন একজন জেলা জজ। সদস্য (বিচার) হন একজন অতিরিক্ত জেলা জজ। আর সদস্য (প্রশাসন) হন একজন উপসচিব। এর মধ্যে বিচারক ও প্রশাসনিক সদস্যের জন্য আলাদাভাবে অনুমোদন নিতে হয়।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আদালতের অনুমোদন দেওয়া হয়। জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, অনুমোদনের চেষ্টা চলছে। তিনি আশা করছেন, শিগগির এই অনুমোদন হয়ে যাবে। এরপর যাতে এটা না হয়, তাই স্থায়ী সমাধানের চেষ্টা করবেন বলেও জানান তিনি।