আট মাসেও মামলার তদন্ত শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ আট মাসেও বগুড়ার স্কুলছাত্র নাঈমুর রহমান (১৩) হত্যা মামলার তদন্তকাজ শেষ করতে পারেনি পুলিশ। এ ছাড়া মামলার মূল তিন আসামিকেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়া এবং নতুন নাম সংযুক্ত করা নিয়ে রাজনৈতিক চাপ রয়েছে বলেও স্বীকার করছেন পুলিশের এক কর্মকর্তা।মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ৫ এপ্রিল সকালে বগুড়ার কাহালু পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ও উপজেলার রুস্তমচাপড় গ্রামের ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে নাঈম স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। উপজেলা সদরের চারমাথা এলাকা থেকে নাঈমকে অপহরণের পর তাঁর মা-বাবার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে সন্ত্রাসীরা। মুক্তিপণের টাকা দেওয়ার পরও অপহরণকারীরা নাঈমকে হত্যা করে লাশ ইটভাটার জলন্ত আগুনে পুড়িয়ে ছাইভস্ম করে।এ হত্যাকাণ্ডের ঘটনায় ফুঁসে ওঠে এলাকাবাসী। খুনিদের গ্রেপ্তারের দাবিতে কাহালু উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রেখে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের জনতা আন্দোলনে নামে। নাঈমের লাশ পোড়ানো হয় যে ইটভাটায়, সেটি বন্ধ করাসহ পলাতক খুনিদের গ্রেপ্তারের দাবি তোলে জনতা। রফিকুল ইসলাম বাদী হয়ে গত ১০ এপ্রিল ওই ইটভাটার মালিক আবদুল মান্নানসহ ১০ জনের বিরুদ্ধে কাহালু থানায় হত্যা মামলা করেন। রফিকুল ইসলাম বলেন, মামলা করার আট মাস পেরিয়ে গেলেও পুলিশ মূল আসামি জাকারিয়া, ডালিম ও জামালকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ অভিযোগপত্রও দাখিল করেনি। কাহালু পাইলট উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কামাল উদ্দিন কবিরাজ বলেন, নাঈম হত্যা মামলার মূল আসামিদের গ্রেপ্তারের দাবিতে সম্প্রতি জনতার পক্ষ থেকে উপজেলায় হরতাল ডাকা হয়েছিল। পরে প্রশাসন জনতার চার দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে হরতাল প্রত্যাহার করে নেওয়া হয়। প্রতিশ্রুতিগুলো ছিল: নাঈমের লাশ পোড়ানো হয় যে ইটভাটায়, সেটি বন্ধে ব্যবস্থা নেওয়া; পলাতক মূল আসামিদের দ্রুত গ্রেপ্তার করা; মামলাটি বিশেষ ট্রাইব্যুনালে স্থানান্তরের ব্যবস্থা নেওয়া এবং মামলার অগ্রগতি সার্বক্ষণিক আন্দোলনরত জনতাকে অবহিত করা। কিন্তু আজ পর্যন্ত একটি প্রতিশ্রতিও বাস্তবায়ন করেনি প্রশাসন।যোগাযোগ করা হলে বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. মোজামেঞ্চল হক বলেন, স্কুলছাত্র নাঈম হত্যার তদন্তকাজ প্রায় শেষ পর্যায়ে। অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়া ও নতুন নাম সংযুক্ত করা নিয়ে রাজনৈতিক চাপ রয়েছে। তবে সবকিছুর ঊর্ধ্বে থেকে প্রকৃত অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আদালতে অভিযোগপত্র দাখিল করার জন্য মামলার তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।তদন্ত কর্মকর্তা কাহালু থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, মামলার ১০ আসামির মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। এখন পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা যায়নি। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের পর ইটভাটা থেকে লাশের হাড় ও ছাই সংগ্রহ করে তা ঢাকায় পাঠানো হয়েছিল। গত ১৫ নভেম্বর ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেছে। প্রতিবেদনে নিশ্চিত হওয়া গেছে, ইটভাটায় পোড়ানো লাশটি শিশু নাঈমের। এখন অভিযোগপত্র দিতে আর কোনো বাধা নেই।