আট মাসেও শনাক্ত হয়নি তনুর খুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুকে কে বা কারা খুন করেছে, কেন খুন করেছে—ঘটনার আট মাস পরও তা বের করতে পারেনি তদন্তকারী সংস্থা সিআইডি।

এত দিনেও তদন্তের কোনো অগ্রগতি না দেখে হতাশ তনুর পরিবার। তনুর বাবা ইয়ার হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা এখন আল্লাহর ওপর ভরসা রাখছি। এর বাইরে আমাদের কী করার আছে।’

তদন্তের শুরুতেই লাশের ময়নাতদন্ত প্রতিবেদন নিয়ে বিতর্ক ওঠে। দুই দফা তদন্ত করেও চিকিৎসকেরা মৃত্যুর কারণ নির্ণয় করতে পারেননি। যদিও পরে ডিএনএ পরীক্ষায় তনুকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। গত মে মাসে তদন্তসংশ্লিষ্ট সিআইডির তৎকালীন কর্মকর্তারা বলেছিলেন, পরীক্ষায় তনুর পোশাকে পৃথক তিন ব্যক্তির ডিএনএ প্রোফাইল পাওয়া পাওয়া গেছে।

তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গত দুই মাসে প্রায় ২০ জনের সঙ্গে ডিএনএ প্রোফাইল মেলানো হয়। এতে কারও সঙ্গেই তনুর পোশাকে পাওয়া ডিএনএ নমুনা মেলেনি। নতুন করে সন্দেহভাজন আরও কয়েকজনের সঙ্গে মেলানোর প্রক্রিয়া চলছে। তবে তনুর মা সন্দেহভাজন হিসেবে যে তিনজনের নাম সিআইডিকে ও পরে গণমাধ্যমকে বলেছিলেন, তাঁদের কারও সঙ্গে এখন পর্যন্ত ডিএনএ মেলানো হয়নি। সর্বশেষ গত ১৯ অক্টোবর ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সাবেক একজন সভাপতি, দুজন সাবেক সাধারণ সম্পাদক ও দুজন নির্বাহী সদস্যকে সিআইডির ঢাকার মালিবাগের ফরেনসিক ল্যাবে নিয়ে ডিএনএ নমুনা নিয়ে মেলানো হয়।

তনু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বদল হয়েছে তিন দফা। সর্বশেষ গত ২৪ আগস্ট তদন্ত কর্মকর্তা নিযুক্ত হন সিআইডির নোয়াখালী ও ফেনী অঞ্চলের সহকারী পুলিশ সুপার জালাল উদ্দীন আহমেদ। তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘তদন্ত চলছে। আমরা চেষ্টা করছি কিছু একটা করার।’ তনুর মা যাঁদের সন্দেহ করছেন, তাঁদের সঙ্গে ডিএনএ প্রোফাইল মেলানো হলো না কেন—এ প্রসঙ্গে তদন্ত কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি।

তনুর বাবা ইয়ার হোসেন কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী। কুমিল্লা সেনানিবাসের ভেতরেই বাসা। গত ২০ মার্চ রাতে সেনানিবাসের ভেতর একটি ঝোপে তনুর লাশ পাওয়া যায়। ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী তনুর হত্যার বিচার দাবিতে তখন দেশব্যাপী প্রতিবাদী সভা-সমাবেশ, মানববন্ধন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

তনুর মা আনোয়ারা বেগম গতকাল প্রথম আলোকে বলেন, ‘গত আট মাস কিসের ওপর দিয়ে চলছি, একমাত্র আল্লাহই জানেন। সিআইডির জালাল সাহেব বলছে, দেখতাছি। এখনো সেটার মধ্যেই আছে। এরপরও আমি হাল ছাড়ছি না। বিচার চাই।’