যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আট মাসের মধ্যে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হবে। পদ্মার দুই পারের পুনর্বাসনসহ অন্যান্য কাজ ৯০ থেকে ৯৭ শতাংশ সম্পন্ন হয়ে গেছে। তিনি গতকাল শনিবার দুপুরে মাওয়ায় পদ্মা সেতু পুনর্বাসন প্রকল্প পরিদর্শনকালে এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ‘বিশ্বব্যাংকের চুক্তিতেই আমরা পদ্মা সেতু নির্মাণ করতে চাই। কারণ, এটি হচ্ছে অ্যাপেক্স প্রতিষ্ঠান। তাদের সঙ্গে সমস্যা থাকলেও অন্য ক্ষেত্রে এর প্রভাব পড়ে। আর বিশ্বব্যাংকের সঙ্গে ফয়সালা না হলে মালয়েশিয়াও যদি না নেয়, তবে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হবে। আগামী ফেব্রুয়ারির মধ্যে পদ্মা সেতুর কাজ শুরু হবেই। এ সময় নিরাপদ সড়ক চাই আন্দোলনের সঙ্গে জড়িত ইলিয়াস কাঞ্চন, সাংসদ তারানা হালিম ছাড়াও সাংবাদিক এবিএম মূসা, কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, স্থানীয় সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।