আট মাসের মাথায় বিচার-প্রক্রিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে পুলিশসদস্যদের যোগসাজশে শিশু আবু সাঈদকে (৯) অপহরণের পর হত্যাকাণ্ডের মামলার অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আলোচিত এ হত্যাকাণ্ডের আট মাসের মাথায় মামলার বিচার-প্রক্রিয়া শুরু হলো। আগামীকাল বৃহস্পতিবার থেকে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা।
সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুর রশীদ গতকাল মঙ্গলবার মামলার চার আসামির উপস্থিতিতে অভিযোগ গঠন করেন। আসামিরা হলেন মহানগর পুলিশের বিমানবন্দর থানার বরখাস্ত হওয়া কনস্টেবল এবাদুর রহমান, জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক এন ইসলাম ওরফে রাকীব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত ‘তথ্যদাতা’ আতাউর রহমান ওরফে গেদা ও জেলা ওলামা লীগের প্রচার সম্পাদক মহি হোসেন ওরফে মাসুম।
গত ১১ মার্চ নগরের শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদ অপহরণের শিকার হয়। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ১৪ মার্চ নগরের ঝরনারপাড় এলাকার একটি বাসা থেকে সাঈদের লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই এবাদুর, রাকীব ও গেদাকে পাকড়াও করে সাঈদের বাবা মতিন মিয়ার করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁরা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। আর আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির পর মাসুম ১০ নভেম্বর আত্মসমর্পণ করেন।
তার আগে ২৩ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আদালত সূত্র জানায়, চার আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের কয়েকটি ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। এতে তাঁদের বিরুদ্ধে অপহরণ, মুক্তিপণ ও তাতে সহযোগিতা এবং হত্যার অভিযোগ আনা হয়েছে। মামলার বিচার-প্রক্রিয়া শুরুর পর আসামি গেদা জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন। অভিযোগ গঠনের পরপরই বিচারক কাল বৃহস্পতিবার মামলার প্রথম সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। এরপর আসামিদের কারাগারে পাঠানো হয়।
ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি আবদুল মালেক সাংবাদিকদের বলেন, অভিযোগ গঠনের মধ্য দিয়ে হত্যাকাণ্ডের আট মাসের মাথায় বিচার-প্রক্রিয়া শুরু হলো।