আট মাসের সংস্কারকাজ চার বছরেও শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী জেলা পরিষদ মিলনায়তন  l ছবি: প্রথম আলো
রাজশাহী জেলা পরিষদ মিলনায়তন l ছবি: প্রথম আলো

রাজশাহী জেলা পরিষদ মিলনায়তন সংস্কারের কার্যাদেশ দেওয়া হয়েছিল ২০১১ সালের ৪ নভেম্বর। কাজ শেষ করার কথা ছিল ২০১২ সালের ১০ জুন। কিন্তু এখনো সেই সংস্কারকাজ শেষ হয়নি।
সংস্কারকাজের কারণে মিলনায়তনে বর্তমানে সব ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রয়েছে। তাই নগর সংস্কৃতিকর্মীরা ক্ষুব্ধ। তাঁরা দ্রুত সংস্কারকাজ শেষ করার দাবি জানিয়েছেন।
কর্তৃপক্ষ বলছে, কাজে হাত দেওয়ার পর কাজ বেড়ে গেছে। দেরি হয়েছে নকশা পেতে। তা ছাড়া তহবিলও ছিল না। এসব কারণে কাজ শেষ করতে বিলম্ব হচ্ছে।
রাজশাহী সিটি করপোরেশন সূত্রে জানা যায়, মনিবাজারে অবস্থিত এই মিলনায়তনে একসঙ্গে ৮৫০ জন দর্শক বসে অনুষ্ঠান দেখতে পারেন। তিন হাজার টাকায় এটি এক দিনের জন্য ভাড়া দেওয়া হতো। এ রকম সুবিধাজনক ও মানসম্মত মিলনায়তন নগরে দ্বিতীয়টি নেই।
মিলনায়তনের বাইরের চেহারা পাল্টে আধুনিকায়ন করা, ভেতরের সৌন্দর্য বাড়ানো, নতুন সাউন্ড সিস্টেম স্থাপন, গ্যালারি পরিবর্তন, ফলস সিলিং লাগানো, ছাদে টিনের পরিবর্তে জিংক অ্যালুমিনিয়ামের ‘রুফ শিট’ লাগানো, বিদ্যুতের জন্য নিজস্ব সাবস্টেশন বসানো ইত্যাদি কাজের জন্য নগরের পদ্মা আবাসিক এলাকার ‘বেল অ্যান্ড এ কে জেভি’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, মিলনায়তনের প্রধান ফটক বন্ধ। কোনো নির্মাণশ্রমিক নেই। কাজ হচ্ছে না। বাইরের দেয়ালে এখনো পুরোনো পলেস্তারাই। কোথাও কোথাও পলেস্তারা খসে পড়েছে।
রাজশাহী আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক শরীফ আহাম্মেদ বলেন, অল্প টাকায় ভাড়া নিয়ে সংস্কৃতিকর্মীরা এই মিলনায়তনটি ব্যবহার করতেন। কিন্তু চার বছরেও এটির সংস্কারকাজ শেষ হচ্ছে না। সংস্কারকাজের এই দীর্ঘসূত্রতা রাজশাহীর সংস্কৃতিচর্চার ক্ষেত্রে একটি বাধা। কারণ, রাজশাহীতে শিল্পকলা একাডেমীর একটি মিলনায়তন রয়েছে। কিন্তু সেখানে ভাড়া বেশি। নাটক ও আবৃত্তির জন্য উপযোগীও নয়। তা ছাড়া এটি এমন এক জায়গায় অবস্থিত, যেখানে দর্শক যেতে চান না।
শরীফ আহাম্মেদ জানান, মিলনায়তনটি দ্রুত জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়ার দাবি নিয়ে তিনিসহ কয়েকজন সংস্কৃতিকর্মী গত আগস্টে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা করেন। তখন প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছিলেন, সিটি করপোরেশন এই সংস্কারকাজ করছে। তারা নির্মাণকাজ শেষ করে হস্তান্তর না করলে তাঁদের কিছু করার নেই।
এ বিষয়ে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মাকসুদ আলম বলেন, কার্যাদেশ দেওয়ার পর বাইরের নকশা পেতে দেরি হয়েছে। জেলা পরিষদের পুরোনো মালামাল অপসারণে সময় লেগেছে। মাঝখানে তহবিল ছিল না। এ জন্য তাঁরা ঠিকাদারকে টাকা পরিশোধ করতে পারেননি। তা ছাড়া কাজে হাত দেওয়ার পর কার্যাদেশের মধ্যে পড়ে না—এ রকম ২২ পদের কাজ বেড়েছে। এই কাজগুলোর দর অনুমোদন করতে আবার সময় লেগেছে। এ জন্য আরও প্রায় দেড় কোটি টাকা খরচ হচ্ছে।
মাকসুদ আলম আরও বলেন, এখনো ভেতরের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, সাউন্ড সিস্টেম ও চেয়ার বসানোর কাজ বাকি রয়েছে। এই কাজ শেষ করার বিষয়টি তহবিল প্রাপ্তির ওপর নির্ভর করছে। তাঁরা এ বিষয়ে সাত-আট মাস আগে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। আশা করছেন, আগামী চার মাসের মধ্যে কাজগুলো শেষ হয়ে যাবে।