ঢাকার গুলিস্তান ও সায়েদাবাদ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হোমনা পর্যন্ত আটটি পথে (রুট) চলাচল করা বাসগুলো থেকে ব্যাপক হারে চাঁদাবাজি করছে সন্ত্রাসীরা।চাঁদা দিতে অস্বীকার করায় গত শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে দুই বাসচালককে রড ও হকিস্টিক দিয়ে পিটিয়েছে তারা। এর মধ্যে এক চালকের দুই পা ভেঙে গেছে। চাঁদাবাজি ও চালকদের মারধরের ঘটনায় শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে দুটি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দুই আসামিকে। এক সপ্তাহের মধ্যে চাঁদাবাজি বন্ধ না হলে বাসমালিকেরা পরিবহন চলাচল বন্ধ করে আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন।পরিবহন শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, চাঁদা দিতে অস্বীকার করায় পরিবহন-সন্ত্রাসীরা শুক্রবার বিকেলে সোনারগাঁ সুপার সার্ভিস (সিলেট জ-১১-০০৩৯) ও গজারিয়া পরিবহনের (ঢাকা মেট্রো জ-১১-০২২৯) চালক মিজান ও সেলিমকে স্থানীয় কাঁচপুর মার্কেটের ভেতরে নিয়ে রড ও হকিস্টিক দিয়ে বেধড়ক পেটায়। এতে সেলিমের দুই পা ভেঙে যায়। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। মিজান স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।এ সময় আশপাশের অনেকে এ ঘটনা দেখলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি। ঘটনা জানার পর সন্ধ্যার দিকে বিভিন্ন পরিবহনের মালিক ও শ্রমিকেরা মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ করেন। তাঁরা মো. শুভ নামের এক চাঁদাবাজকে আটক করে সোনারগাঁ থানার পুলিশের কাছে সোপর্দ করেন।এ ঘটনায় রাতেই সোনারগাঁ সুপার সার্ভিসের অন্যতম মালিক মো. মহসিন মিয়া বাদী হয়ে মো. শুভ, মাসুদ পারভেজ ওরফে ডাকাত পারভেজ, ইসলাম ও মানিককে আসামি করে সোনারগাঁ থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন।চাঁদাবাজির ঘটনায় একই রাতে গজারিয়া পরিবহনের অন্যতম মালিক সজীব মিয়া সিদ্ধিরগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে আরও একটি মামলা করেন। মামলায় মানিক, ইয়াসিন, জহির ড্রাইভার, আনোয়ার ও মাসুমকে আসামি করা হয়। রাতেই আসামি মাসুমকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ।ঢাকা-বারদী, মেঘনা, দাউদকান্দি রুটের বাস মালিক সমিতির সভাপতি আলী হোসেন ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘প্রতিদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চলাচলরত আটটি পথের ৩৫০টি বাস থেকে ঢাকার সায়েদাবাদে জাফর গ্রুপ ও নারায়ণগঞ্জের শিমরাইল মোড়ে হেলাল গ্রুপ ৮০০ থেকে এক হাজার ১০০ টাকা করে বাসপ্রতি চাঁদা আদায় করে। বিষয়টি পুলিশকে লিখিতভাবে কয়েক দফা জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই আমাদের পক্ষে আর বাস চালানো সম্ভব হচ্ছে না। চাঁদাবাজি বন্ধ না হলে আগামী এক সপ্তাহ অপেক্ষা করে আমরা এ পথে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়ে বাস চলাচল বন্ধ করে দিতে বাধ্য হব।’নাম প্রকাশ না করার শর্তে একাধিক বাসমালিক বলেন, চাঁদাবাজেরা এত বেপরোয়া হওয়ার পরও পুলিশ তাদের ধরছে না। কারণ, চাঁদার একটি অংশে পুলিশও ভাগ বসায়।চাঁদার ভাগ নেওয়ার বিষয়টি অস্বীকার করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী বলেন, পুলিশ চাঁদাবাজদের তালিকা তৈরি করেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। যোগাযোগ করা হলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার শেখ নাজমুল আলম প্রথম আলোকে বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে দুই থানায় দুটি মামলা হয়েছে। চাঁদাবাজদের গ্রেপ্তার করাই এখন পুলিশের প্রধান কাজ।