প্রতি মাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) একজন মিটার রিডারের গড়ে দেড় হাজার মিটার দেখার কথা। কিন্তু পিডিবির দক্ষিণাঞ্চলে (চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার) আট লাখেরও বেশি গ্রাহকের মিটার দেখার দায়িত্বে আছেন মাত্র ৬৪ জন রিডার। অর্থাৎ একেকজন মিটার রিডারের ভাগে পড়েছে গড়ে ১৩ হাজারেরও বেশি মিটার।
মাস শেষে গ্রাহকের মিটার দেখে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ বের করার দায়িত্ব মিটার রিডারদের। সে অনুযায়ী গ্রাহকের বিদ্যুৎ বিল তৈরি হয়। কিন্তু প্রয়োজনের তুলনায় রিডারের সংখ্যা অনেক কম হওয়ায় বেশির ভাগ ক্ষেত্রেই তাঁরা বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ বের করেন না বলে অভিযোগ রয়েছে। মিটার না দেখে বিদ্যুৎ বিল তৈরি করায় অনেক গ্রাহককেই বাড়তি বিলের বোঝা টানতে হয়।
পিডিবি সূত্র জানায়, দক্ষিণাঞ্চলে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প মিলিয়ে মোট গ্রাহক প্রায় ৮ লাখ ৪৩ হাজার। দেড় হাজার মিটার হিসাবে দক্ষিণাঞ্চলে অন্তত ৫৬২ জন মিটার রিডার প্রয়োজন। কিন্তু মিটার রিডারের অনুমোদিত পদ আছে ১২৩ জনের। এর মধ্যে বর্তমানে কর্মরত রয়েছেন ৬৪ জন। জনবল কাঠামোও তিন দশকের পুরোনো। রিডার ছাড়া পরিদর্শক ও সুপারভাইজারের আরও ৫১টি পদ রয়েছে। এই পদগুলোর মধ্যে ১৪টি শূন্য রয়েছে।
এ বিষয়ে পিডিবির মিটার পরিদর্শক এম এ সালাম মজুমদার প্রথম আলোর কাছে দাবি করেন, রিডারদের পাশাপাশি তাঁরাও বাড়ি বাড়ি যান। তিনি বলেন, ‘প্রতিটি বাড়িতে প্রতি মাসে যাওয়া সম্ভব হয় না। এক মাস পরপর যাওয়ার চেষ্টা করি। যে মাসে যেতে পারি না, সে মাসে অনুমানের ওপর ভিত্তি করে বিদ্যুৎ বিলের হিসাব করি। পরের মাসে মিটার দেখে সেটা আবার ঠিক করে দিই। ভুয়া বিল করি না।’
নাম না প্রকাশের শর্তে পিডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তিন দশক আগে এখানকার গ্রাহকের সংখ্যা ছিল দুই লাখ। বর্তমানে চার গুণ গ্রাহক বাড়লেও মাঠ পর্যায়ের রিডার মিটারের পদসংখ্যা বাড়েনি। এমনকি কাঠামোতে রিডারদের যে জনবল আছে তারও প্রায় অর্ধেক পদ শূন্য।
সম্প্রতি চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে অনুষ্ঠিত নগর উন্নয়ন সমন্বয় সভায় বাড়তি বিদ্যুৎ বিলের বিষয়ে প্রশ্ন তুলেছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। ওই সভায় উপস্থিত পিডিবির প্রধান প্রকৌশলী (দক্ষিণাঞ্চল) মো. আজহারুল ইসলাম তখন মিটার রিডারের সংকটের বিষয়টি তুলে ধরেছিলেন।
জানতে চাইলে মো. আজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘হাতে গোনা এই ৬৪ জনের পক্ষে প্রতি বাড়ি গিয়ে গিয়ে মিটার দেখে আসা অসম্ভব। সে কারণে মাঝেমধ্যে বাড়তি বিলের দু-একটি অভিযোগ পাই। সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে প্রতিকার করার চেষ্টা করি। মিটার রিডারের সংকট কমানোর জন্য শিগগিরই অস্থায়ী ভিত্তিতে প্রয়োজনীয় লোক নিয়োগ দেওয়া হবে। তখন এই সমস্যাগুলো কাটিয়ে ওঠা যাবে।’
পিডিবি সূত্র জানায়, অস্থায়ী ভিত্তিতে মিটার রিডার নেওয়ার জন্য দক্ষিণাঞ্চলের ২১টি ডিভিশনের নির্বাহী প্রকৌশলীদের দায়িত্ব দেওয়া হয়েছে। দিন হিসাবে তাঁদের মজুরি দেওয়া হবে। জেলা পর্যায়ে ১ হাজার ৭৫০ গ্রাহক ও উপজেলা পর্যায়ে দেড় হাজার গ্রাহকের জন্য একজন করে মিটার রিডার নিয়োগ দেওয়া হবে।