জাটকা সংরক্ষণের লক্ষ্যে সাত মাস উপকূলের নদ-নদী ও সাগর মোহনায় ছোট ফাঁসের জাল দিয়ে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় বরগুনাসহ উপকূলের কয়েক লাখ জেলে চরম বিপাকে পড়েছেন। বিকল্প কর্মসংস্থান না থাকায় এসব জেলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন।এদিকে সরকার জেলেদের পুনর্বাসনে চার মাস খাদ্যসহায়তা (ভিজিডি) দেওয়ার সিদ্ধান্ত নিলেও তা প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল। প্রায় আট লাখ জেলের বিপরীতে এ সহায়তা পাচ্ছেন মাত্র দুই লাখ ছয় হাজার জেলে। মৎস্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, সাগর ব্যতীত অভ্যন্তরীণ উৎসসমূহে মাছ ধরে জীবিকা নির্বাহ করা জেলের সংখ্যা প্রায় সাত লাখ ৭০ হাজার। কিন্তু পুনর্বাসন কর্মসূচির আওতায় সহায়তা পাচ্ছেন দুই লাখ ছয় হাজার জেলে। অধিদপ্তর সূত্রে জানা গেছে, জাটকা ইলিশ রক্ষা ও ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার গত ১ নভেম্বর থেকে ৩১ মে এই সাত মাস উপকূলের নদ-নদীতে ছোট ফাঁসের জাল দিয়ে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পাশাপাশি দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের আওতায় সরকার উপকূলের ক্ষুদ্র জেলেদের ফেব্রুয়ারি থেকে মে এই চার মাস বিশেষ খাদ্যসহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই সহায়তার আওতায় জনপ্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। গত ১১ এপ্রিল বরগুনা সদরের বিষখালী নদীতীরের জেলেপল্লিগুলোতে গিয়ে দেখা গেছে, জেলেরা অলস সময় পার করছেন। জেলে মনির হোসেন বলেন, ‘পোলাপান লইয়্যা মোগো না খাইয়্যা মরণের জোগাড় অইছে। মাছ ধরন ছাড়া কোনো কাম-কাইজ পারি না। বড় ফাঁসের ইলিশ জাল পাতি কিন্তু কোনো মাছ পাই না। দুই-চাইরটা অন্য মাছ উঠলে তা বিক্রি কইরা ৫০-১০০ টাকা মাঝেমধ্যে পাই। কোনো দিন পাই না।’ তিনি বলেন, ‘শুনছি সরকার মোগো চাউল দেবে কিন্তু এহনো পাই নাই।’ জেলে আজিজ খা বলেন, চাল দেওয়ার জন্য করা জেলেদের তালিকায় তাঁর নাম নেই। আগের বছরেও তিনি চাল পাননি। জেলে মিন্টু দাস বলেন, ‘সংসারে দশটা মানুষের খাওন জোডাইতে মুহে রক্ত উইঠ্যা যায়। যেদিন মাছ পাই দুইটা খাই, যেদিন পাই না হেই দিন পোলাপান লইয়্যা উপাস থাহি।’মৎস্য অধিদপ্তরের ‘ইলিশ ও জাটকা রক্ষা এবং জেলেদের পুনর্বাসন প্রকল্প’-এর পরিচালক (পিডি) জাহিদ হাবিব বলেন, নিষেধাজ্ঞাকালীন এবার দুই লাখ ছয় হাজার জেলে পরিবারকে ২৫ হাজার মে. টন খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে। যা প্রয়োজনের তুলনায় কম হলেও বিগত বছরের প্রায় দ্বিগুণ।