আট লাখ টাকা আত্মসাৎ করলেন যুবলীগ নেতা!
নীলফামারী সদর উপজেলার উত্তরাশশী হাবিবিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও পঞ্চপুকুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পদক সোনা মিয়ার বিরুদ্ধে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের নামে প্রায় আট লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে সোনা মিয়ার বিরুদ্ধে এলাকাবাসী ও স্থানীয় নেতা-কর্মীরা গত ২৭ নভেম্বর রাতে স্থানীয় সাংসদ আসাদুজ্জামান নূরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, সোনা মিয়া উত্তরাশশী হাবিবিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হয়ে নিয়মনীতির তোয়াক্কা না করে গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। চার লাখ টাকার বিনিময়ে মাদ্রাসার কম্পিউটার শিক্ষক পদে নিয়োগ দেওয়ার নামে এক প্রার্থীর কাছ থেকে অগ্রিম দেড় লাখ টাকা নিয়েছেন। এ ছাড়া কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না করেই কৃষি শিক্ষক পদে নিয়োগের জন্য আরেক প্রার্থীর সঙ্গে চার লাখ টাকা ঠিক করে অগ্রিম দুই লাখ টাকা নেন। একইভাবে অফিস সহকারী পদে এক প্রার্থীর কাছে তিন লাখ টাকা ঠিক করে এক লাখ ৩০ হাজার টাকা অগ্রিম নেন। ওই পদে আরেক ব্যক্তির কাছে চার লাখ টাকা ঠিক করে দুই লাখ টাকা এবং পিয়ন পদে একজনের কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। আগামী ছয় মাসের মধ্যে তাদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার সরেজমিনে খোঁজ নিতে গেলে মাদ্রাসার দপ্তরি হজরত আলী বলেন, ‘আমার বাবা ২০০২ সালে অবসরে গেলে আমি ওই পদে কাজ করি। এ জন্য বাবার কল্যাণ তহবিলে পাওয়া ১৫ হাজার ৯০০ টাকা মাদ্রাসা তহবিলে জমা দিই। কিন্তু এক বছর চাকরি করার পর তারা ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় তারা ১৫ হাজার ৯০০ টাকা আমাকে ফেরত দিয়ে এক লাখ টাকার বিনিময়ে আরেকজনকে নিয়েছেন।’মাদ্রাসার সুপারিনটেনডেন্ট একরামুল হক বলেন, ‘দৈনিক মানবজমিন-এ গত ৩১ অক্টোবর এবং সাপ্তাহিক নীলফামারী বার্তায় ২ নভেম্বর কম্পিউটার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আমাদের ম্যানেজিং কমিটির সভাপতি সোনা মিয়া আজ (১ ডিসেম্বর) আমার কাছে তিনখানা দরখাস্ত পাঠিয়েছেন। এর আগে আমি বিজ্ঞপ্তি প্রকাশের ব্যাপারে কিছু জানতাম না। এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি এবং বিজ্ঞপ্তি নোটিশ বোর্ডেও টাঙানো হয়নি। এ বছরই কম্পিউটার ও কৃষি শিক্ষক এবং অফিস সহকারী পদে একজন করে লোক নিয়োগ করা হবে। শিগগিরই সভা ডেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ অভিভাবক সদস্য রশিদুল ইসলাম ও দাতা সদস্য আছিমুদ্দিন জানান, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্তই হয়নি। পঞ্চপুকুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও মাদ্রাসার সভাপতি সোনা মিয়া বলেন, ‘সবার সম্মতিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর আগের কমিটি ১০-১৫ বার বিজ্ঞপ্তি দিয়েছিল। কিন্তু কেউ দরখাস্ত করেনি। আমি চাকরি দেওয়ার নাম করে কারও কাছ থেকে কোনো টাকা নিইনি। আমি কারও কাছ থেকে টাকা হাওলাদ নিলে সে ক্ষেত্রে চাকরি দেওয়ার প্রশ্ন আসতে পারে না।’