আট শ মুক্তিযোদ্ধার হোল্ডিং ট্যাক্স আজীবন মওকুফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় বসবাসকারী ৮২৯ জন মুক্তিযোদ্ধার হোল্ডিং ট্যাক্স আজীবনের জন্য মওকুফ করা হয়েছে। গতকাল সোমবার নগর ভবনের সামনে বঙ্গবন্ধু সড়কে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের হাতে এ-সংক্রান্ত সনদ তুলে দেওয়া হয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে মেয়র সেলিনা হায়াৎ আইভী মুক্তিযোদ্ধাদের হাতে সনদ ও সম্মাননাপত্র তুলে দেন।
অনুষ্ঠানে সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘২০০৭ সালে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র থাকাকালে দেশে প্রথম ২২০ জন মুক্তিযোদ্ধার হোল্ডিং ট্যাক্স আজীবন মওকুফ করেছিলাম। পরে গাজীপুর পৌরসভাসহ অন্যান্য পৌরসভা ও সিটি করপোরেশন এ উদ্যোগ নেয়। তখন কেউ কেউ বলেছিলেন মুক্তিযোদ্ধাদের কর মওকুফ করার কোনো নির্দেশনা মন্ত্রণালয়ের নেই। এ জন্য মামলা হলে আমাকে কারাগারেও নেওয়া হতে পারে। আজ মন্ত্রণালয় ১ হাজার ২০০ বর্গফুট পর্যন্ত বাড়ির মালিক সব মুক্তিযোদ্ধার হোল্ডিং ট্যাক্স আজীবন মওকুফের নির্দেশ দিয়েছে।’