আট শতক জমির বিনিময়ে হত্যার ঘটনা আপস!
দিনাজপুরের বিরামপুরে হত্যাকাণ্ডের শিকার এক স্কুলছাত্রীর মা-বাবা তাঁদের সন্তানকে হত্যায় অভিযুক্ত এক তরুণের পরিবারের কাছ থেকে আট শতক জমি নিয়ে ওই পরিবারের সঙ্গে আপস করেছেন।তবে অভিযুক্ত তরুণের বড় ভাই জমি দেওয়ার কথা স্বীকার করে বলেন, পরিস্থিতির কারণে তিনি জমি দিতে বাধ্য হয়েছেন। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবেই তাঁর ভাই জড়িত নন। বিজুল বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীর নাম সুরাইয়া আখতার। গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে সুরাইয়ার লাশ তার বাড়ি থেকে উদ্ধার করা হয়। এ সময় তার গলায় ওড়না পেঁচানো ছিল। সে পৌর শহরের বিচকিনি গ্রামের দিনমজুর সাইফুল ইসলামের মেয়ে।এ ঘটনায় ওই দিন পুলিশ একটি অপমৃত্যুর মামলা করে। ময়নাতদন্তের পর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান মীর হামদে সামে জানান, মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর গ্রামবাসীর বরাত দিয়ে পুলিশ বলেছিল গ্রামের একটি প্রভাবশালী পরিবারের এক তরুণ সুরাইয়াকে ধর্ষণ বা ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করে। পরে ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর জন্য লাশের গলায় ওড়না পেঁচিয়ে ঘরে ঝুলিয়ে রাখা হয়। ওই তরুণ ২৭ ফেব্রুয়ারি সিঙ্গাপুর চলে যান।এ ঘটনায় ২৭ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘বিরামপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু’ এবং ১৮ মার্চ ‘বিরামপুরে ছাত্রীকে হত্যার প্রমাণ মিলেছে ময়নাতদন্তে’ শিরোনামে সংবাদ ছাপা হয়।সুরাইয়ার বাবা সাইফুল ইসলাম জানান, ১৪ মার্চ অভিযুক্ত তরুণের বড় ভাই তাঁদের আট শতক জমি দেন। বিষয়টি যাতে কেউ বুঝতে না পারে সে জন্য জমিটি ওই তরুণের বড় ভাই সাইফুল ইসলামের স্ত্রী লতিফা বিবির কাছে বিক্রি করেছেন। জমির মূল্য দেখানো হয়েছে ২০ হাজার টাকা। ওই টাকা তরুণের বড় ভাই তাঁদের দিয়েছেন বলে সাইফুল ইসলাম জানান।জমির বিনিময়ে আপস প্রসঙ্গে সুরাইয়ার মা লতিফা বিবি বলেন, ‘ওরা (অভিযুক্ত পরিবার) বড় লোক। ওমার অনেক টাকা। হারা আইনোত ওমার সাথে পারমো না? আইনোত গেলে ওরা রাগ করে হামার আরেকটা ছোলের (সন্তানের) যদি কোনো ক্ষতি করে? তাই সবাই মিলে যা ভালো বুঝিছে তাই করিছে।’তরুণের বড় ভাই জানান, ঘটনার দুই দিন পরই তাঁর ভাইয়ের সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল। ওই সময় তাঁর ভাইকে যেভাবে অভিযুক্ত করা হচ্ছিল তাতে তাঁর সিঙ্গাপুর যাওয়া যেন বাধাগ্রস্ত না হয়, সে জন্য আপসের প্রতিশ্রুতি দিতে বাধ্য হন। মামলার তদন্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, ঘটনাটি ধামাচাপা দিতে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পক্ষপাতমূলক করতে অভিযুক্ত তরুণের পরিবারসহ একটি প্রভাবশালী মহল প্রথম থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই তিনি যথাযথ ব্যবস্থা নেবেন।