বরিশাল, ভোলা, পটুয়াখালী, শরীয়তপুর ও রাজবাড়ীর গোয়ালন্দে কালবৈশাখীতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে তারের ওপর গাছ উপড়ে পড়ে অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বাগেরহাট, শরীয়তপুর ও ভোলার লালমোহনে আট শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। লালমোহনে ঘরচাপা পড়ে নিহত হয়েছেন এক বিধবা। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বরিশাল: বরিশালের ওপর দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বয়ে যাওয়া ঝড়ে অনেক স্থানে গাছপালা উপড়ে বিদ্যুতের তারের ওপর পড়ে বিদ্যুৎ সরবরাহে অচলাবস্থার সৃষ্টি হয়। ২০ ঘণ্টা পর গতকাল বুধবার বিকেলে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে। থেমে থেমে দমকা বাতাসের সঙ্গে প্রবল বৃষ্টিপাত চলে রাত সাড়ে আটটা পর্যন্ত। বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঝড়ে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৪ কিলোমিটার। বিভিন্ন স্থানে গাছপালা এবং কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ভোলা: লালমোহন উপজেলার দুটি ইউনিয়নে ঝড়ে দুই শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। এতে ঘরচাপা পড়ে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। ধলীগৌড় নগর ইউপির চেয়ারম্যান হেদায়েত ইসলাম জানান, মঙ্গলবার রাত আটটা থেকে প্রায় ঘণ্টাব্যাপী বয়ে যাওয়া ঝড়ের সময় ভেদুরিয়া গ্রামের বিধবা তাহেরা বেগমের (৬৫) ঘরের ওপর গাছ ভেঙে পড়ে। এ সময় ঘরচাপা পড়ে তিনি নিহত হন। ওই ইউনিয়নে ৩০টি ঘর বিধ্বস্ত ও শতাধিক ঘরের আংশিক ক্ষতি হয়েছে। ঘরচাপা পড়ে ধলীগৌড় নগর ইউনিয়নে নয়জন ও লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নে ছয়জন আহত হয়েছে। লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নে গাছ ভেঙে পড়ে ১৫টি ঘর বিধ্বস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে দেড় শতাধিক ঘর। এ ইউনিয়নের মেঘনায় তিনটি নৌকা ডুবে গেছে। পটুয়াখালী: পটুয়াখালীতে মঙ্গলবার রাত আটটা থেকে ১০ মিনিটব্যাপী ঝড় বয়ে যায়। এতে কয়েকটি স্থানে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শান্ত রঞ্জন বৈদ্য বলেন, ‘ঝড়ে বেশ কিছু গাছপালা উপড়ে পড়ার ও কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়েছি।’ বাগেরহাট: ফকিরহাট, বাগেরহাট সদর, রামপাল, মংলা, চিতলমারী, মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার ওপর দিয়ে মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ঝড় বয়ে যায়। ঝড়ে বিভিন্ন সড়কের ওপর গাছ উপড়ে পড়ায় যান চলাচল ব্যাহত হয়। ঝড় শুরুর পর গোটা জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জেলার অধিকাংশ এলাকায় বুধবার দুপুর পর্যন্ত বিদ্যুৎ ছিল না। মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের মিত্রডাঙ্গা, জোকা ও গাজীরঘাট গ্রামে ঝড়ে দুটি মসজিদসহ দেড় শতাধিক আধাপাকা ঘর বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে অসংখ্য গাছপালা। ঝড়ে এ গ্রামগুলোর ঘরহারা ছয় শতাধিক মানুষ এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। শরীয়তপুর: গোসাইরহাট উপজেলার ১৩টি গ্রামে ঝড়ে দুই শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। বুধবার সকাল সাড়ে আটটা থেকে এক ঘণ্টা স্থায়ী এ ঝড়ে এসব গ্রামে ফসল ও গাছপালার ক্ষতি হয়েছে। ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হওয়ায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হলো কুচাইপট্টি ইউনিয়নের সাতপার ও চরজানপুর, আলওয়ালপুর ইউনিয়নের ফজলুল হক হাওলাদারকান্দি, মফিজ মাস্টারকান্দি, উত্তর কোদালপুর, রশিদ হাওলাদারকান্দি, ছাদিম আলী বেপারিকান্দি, কোদালপুর ইউনিয়নের, হাজীপাড়া, বকাউলকান্দি, মানপাড়া, মোল্যাপাড়া ও দেওয়ানপাড়া।