আট শতাধিক পুকুরের ইজারা নিয়ে সিদ্ধান্তহীনতা
সিরাজগঞ্জ ও পাবনার চারটি উপজেলার ৮০৮টি খাস পুকুর সরকারের সিদ্ধান্তহীনতার কারণে এখনো নতুন করে ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়নি। ‘নিমগাছী মৎস্য চাষ প্রকল্পের’ আওতাভুক্ত এই পুকুরগুলো ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তিরা দখলে নিতে শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালের ২১ জানুয়ারি থেকে ২৫ বছরের জন্য এই পুকুরগুলো গ্রামীণ মৎস্য ফাউন্ডেশনকে ইজারা দেওয়া হয়। গত ২০ জানুয়ারি ইজারার মেয়াদ শেষ হয়। এরপর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ইজারা নবায়ন না করে পুকুরগুলো মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত গ্রহণ করে একটি প্রজ্ঞাপন জারি করে। এরপর প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও নতুন করে ইজারা দেওয়ার ব্যাপারে মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। এই সময়ে পুকুরগুলো অব্যবহূত অবস্থায় পড়ে থাকার সুযোগ নিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা সেগুলোর দখল নিতে শুরু করেছেন। থানা ও আদালত সূত্রে জানা গেছে, অনেকেই পূর্ব পত্তনি সূত্রে পুকুরগুলোর মালিকানা দাবি করে সিরাজগঞ্জ জজ আদালতে মামলা করেছেন। এর মধ্যে শুধু তাড়াশ উপজেলাতেই মামলা হয়েছে ৪৩টি। কিছু মামলা এরই মধ্যে বিচারাধীন।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন ব্যক্তি জানান, উপজেলার বেশ কয়েকটি পুকুর স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ভোগদখল শুরু করেছেন। এর মধ্যে তাড়াশ সদর ইউনিয়নের উলিপুর গ্রামের ৫২ বিঘা আয়তনের দিঘি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফরহাদ হোসেন, কঞ্জুবন পুকুরটি ওয়ার্ড যুবলীগের সদস্য আবদুল মজিদ, ছোট কুঞ্জুবন খাঁপাড়ার পুকুরটি যুবলীগের নেতা লাবু খাঁ, বইর্যা পুকুরটি আওয়ামী লীগের সদস্য মোতালেব হোসেন, মাদ্রাসার পুকুরটি আওয়ামী লীগের সদস্য খাদেমুল ইসলামের নিয়ন্ত্রণে রয়েছে। ইতিমধ্যে এসব পুকুরে তাঁরা মাছের চাষ শুরু করেছেন।এ ব্যাপারে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ম ম আমজাদ হোসেন জানান, পুকুরগুলো যাতে বেদখল না হয়, সে জন্য ইতিপূর্বে যেসব উপকারভোগী দায়িত্বে ছিলেন, পুকুরগুলো তাঁদের হেফাজতে দেওয়া হয়েছে। তাঁরাই মাছের চাষ করছেন।এলাকাবাসী অভিযোগ করেছেন, উপকারভোগীদের নাম ভাঙিয়ে মূলত প্রভাবশালী ব্যক্তিরা পুকুরগুলো ভোগদখল করছেন।তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডি এম আতিকুর রহমান জানান, সরকারি কোনো সিদ্ধান্ত না আসায় তাঁরা এ বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারছেন না। ৩০ চৈত্র পর্যন্ত পুকুরগুলোর ইজারা দেওয়ার সময় রয়েছে। আশা করি, এর মধ্যে সিদ্ধান্ত চলে আসবে। পুকুরগুলো দখল হয়ে যাচ্ছে—এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘কিছু কিছু এলাকা থেকে এ ধরনের খবর পেয়েছি। আমরা তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে ব্যবস্থা নিচ্ছি। যে পুকুরগুলো নিয়ে মামলা করা হয়েছে, সেগুলো আইনগতভাবে মোকাবিলা করা হবে।’তবে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুর রহমান খান প্রথম আলোকে জানান, ১৯৮৬ সালের আগে যাঁরা এই পুকুরগুলো ইজারা নিয়েছিলেন, তাঁদেরই এগুলো পুনরায় ইজারা দেওয়া হবে। খুব শিগগির এ কাজ সম্পন্ন করা হবে। প্রভাবশালী মহল পুকুরগুলো দখলে নিচ্ছে, এ রকম অভিযোগ তিনি অস্বীকার করেন।