চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীরসহ আট শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া আরও তিন ছাত্রলীগ নেতাকে সতর্ক করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক আলমগীর, অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাইফুল হক, হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আরাফাত হোসাইন, ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রাকিব উদ্দিন ও নূরে আলম।কারণ দর্শানোর নোটিশ পাওয়া ছাত্রলীগের নেতারা হলেন বিশ্ববিদ্যালয় শাখার সাংস্কৃতিক সম্পাদক জমির উদ্দিন, অর্থ সম্পাদক আবু কায়সার এবং শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মনছুরুল আলম।গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও শৃঙ্খলা কমিটির প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং স্বাস্থ্য ও শৃঙ্খলা কমিটির সদস্যসচিব সিরাজ উদ দৌল্লাহ শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে এবং তিনজনকে সতর্ক করে নোটিশ দেওয়া হয়েছে। এর আগে একই ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি সাতজনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে।ছাত্রলীগের এসব নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ছাত্রলীগের অন্যপক্ষ। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক পীযূষ কান্তি বর্মণ প্রথম আলোকে বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় পরে অন্যরা সতর্ক হবে।এদিকে শ্রেণীকক্ষে প্রবেশ করে সাংবাদিক মারধরের ঘটনায় ছাত্রলীগ কর্মী ও ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্র রুবেল দেকে ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল ছাত্র গত ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শ্রেণীকক্ষে প্রবেশ করে এক সাংবাদিককে মারধর করে।এ ছাড়া ৫ আগস্ট রাতে নগরের বটতলী স্টেশনে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের চালককে মারধরের ঘটনায় দুই ছাত্রকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন অণুজীববিদ্যা বিভাগের আবদুল্লাহ আল মাসুদ ও লোকপ্রশাসন বিভাগের আকন্দ ইউনুস আহমেদ। দুজনেই প্রথম বর্ষের ছাত্র।বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনের শাসন ও ন্যায়বিচারের নিশ্চয়তার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।