আট শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার-অর্থদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন ছাত্রীকে লাঞ্ছিত করার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ডের সুপারিশ অনুযায়ী আট শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও অর্থদণ্ড দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। এ ছাড়া দুই ছাত্রকে সতর্ক করা হয়েছে।গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় আ ফ ম কামাল উদ্দীন হলের আট শিক্ষার্থীর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। সভা শেষে সিন্ডিকেটের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিভিন্ন মেয়াদে বহিষ্কৃত ও অর্থদণ্ডপ্রাপ্তদের মধ্যে আনিসুর রহমান (পরিসংখ্যান, ৩৯তম ব্যাচ) ও তানভীর হাসান খানকে (দর্শন, ৩৯তম ব্যাচ) দুই বছরের জন্য বহিষ্কার ও ১০ হাজার টাকা জরিমানা, মুসফিক মো. আব্দুল্লাহকে (আইবিএ, ৪১তম ব্যাচ) এক বছর বহিষ্কার ও পাঁচ হাজার টাকা জরিমানা। এ ছাড়া নূরুদ্দিন মাহমুদ সানাউল (অর্থনীতি, ৪০তম ব্যাচ) ছয় মাসের জন্য বহিষ্কার ও তিন হাজার টাকা জরিমানা, মাহমুদুল হাসান (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ৪২তম ব্যাচ), সাদ্দাম হোসেন (গণিত, ৪০তম ব্যাচ) ও মহব্বত হোসেনকে (দর্শন বিভাগ, ৩৯তম ব্যাচ) ছয় মাসের জন্য বহিষ্কার ও প্রত্যেককে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় সুবল দেবনাথকে (ইংরেজি, ৩৭তম আবর্তন) পাঁচ হাজার টাকা জরিমানা ও অবিলম্বে ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সতর্ক করা হয়েছে নওশের আলী (গণিত বিভাগ, ৪১তম আবর্তন) ও মশিউর রহমানকে (ইংরেজি বিভাগ, ৪০তম আবর্তন)। ১৪ এপ্রিল পয়লা বৈশাখে বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দীন হল থেকে একটি বর্ষবরণ শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্টে ছাত্রলীগের নেতা-কর্মীরা তিন ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।