আট সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে নির্মিত অবকাশ যাপন কেন্দ্র যমুনা রিসোর্টের বিষয়ে হাইকোর্টের দেওয়া রুল আট সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ওই সময় পর্যন্ত রিসোর্টের ওপর দেওয়া স্থিতাবস্থা বজায় থাকবে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। এ বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
গতকাল আদালতে যমুনা রিসোর্ট লিমিটেডের (জেআরএল) পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক। তাঁর সঙ্গে ছিলেন মারগুব কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সেতু কর্তৃপক্ষের পক্ষে ছিলেন আইনজীবী আবদুন নূর।
গত ২৩ এপ্রিল জেআরএলের সঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের চুক্তি বাতিল-সংক্রান্ত নোটিশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করে রুল দেন হাইকোর্ট। ২৬ এপ্রিল হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে সেতু কর্তৃপক্ষ। চেম্বার আদালত হাইকোর্টের আদেশের ওপর স্থিতাবস্থা দিয়ে আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। আপিল বিভাগ স্থিতাবস্থা ১৭ মে পর্যন্ত বাড়িয়ে এর মধ্যে সেতু কর্তৃপক্ষকে আপিল অনুমতির আবেদন (লিভ টু আপিল) করতে বলেন।
আবদুন নূর প্রথম আলোকে বলেন, সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুসারে সেতু কর্তৃপক্ষ নিয়মিত আপিল আবেদন করে। ওই আবেদন নিষ্পত্তি করে গতকাল আপিল বিভাগ বলেন, আগামী আট সপ্তাহের মধ্যে হাইকোর্টের দেওয়া রুল নিষ্পত্তি করতে হবে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা থাকবে।
প্রায় ১৫০ হেক্টর জমির ওপর একটি আন্তর্জাতিক মানের অবকাশ যাপন কেন্দ্র গড়ে তুলতে ১৯৯৯ সালের ২১ নভেম্বর সেতু কর্তৃপক্ষের কাছ থেকে ৩০ বছর মেয়াদে জমি ও স্থাপনার ইজারা নেয় জেআরএল। চুক্তি অনুযায়ী সেতু কর্তৃপক্ষকে ভাড়ার টাকা পরিশোধ না করায় এবং সার্টিফিকেট অব স্যাটিসফেকশন (সিএস) স্বাক্ষর না করায় জেআরএল ও সেতু কর্তৃপক্ষের মধ্যে দ্বিমত হয়। সেতু কর্তৃপক্ষ জেআরএলের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়ে ১ এপ্রিল চুক্তি বাতিলের চিঠি পাঠায়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে ঢাকা জেলা জজ আদালতে আরবিট্রেশনের (মধ্যস্থতা) আবেদন করে জেআরএল। ২২ এপ্রিল বিচারিক আদালত ওই আবেদন খারিজ করেন। আবেদন খারিজের সঙ্গে সঙ্গে সেতু কর্তৃপক্ষের অনুরোধে টাঙ্গাইল কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেআরএলের ইজারা নেওয়া স্থাবর-অস্থাবর সম্পত্তি সিলগালা ও জব্দ তালিকা করে সেতু কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেন। এরপর বিচারিক আদালতের আদেশ রিভিশন (পুনর্বিবেচনা) চেয়ে উচ্চ আদালতে যায় জেআরএল কর্তৃপক্ষ।
বিএনপির নেতা আবদুল আউয়াল মিন্টু যমুনা রিসোর্টের ইজারাদার ও একজন অংশীদার।