আট সরকারি দপ্তরের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে দুদকের গণশুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে চলছে গণশুনানি l প্রথম আলো
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে চলছে গণশুনানি l প্রথম আলো

নরসিংদীর শিবপুরে সরকারি আটটি দপ্তরের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে গণশুনানি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ শুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার নাসিম উদ্দিন আহম্মদ।
অভিযুক্ত দপ্তরগুলো হলো প্রকল্প বাস্তবায়ন কার্যালয়, সাব-রেজিস্ট্রার কার্যালয়, সমবায় কার্যালয়, সমাজসেবা কার্যালয়, ভূমি কার্যালয়, পল্লী বিদ্যুৎ কার্যালয়, হিসাবরক্ষণ এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়। এসব দপ্তরের মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ ছিল ভূমি কার্যালয় ও পল্লী বিদ্যুতের বিরুদ্ধে। দপ্তরগুলোর বিরুদ্ধে প্রায় ৬০টি লিখিত অভিযোগ নেওয়া হয়। তবে সময় স্বল্পতার কারণে ২৫ জনের অভিযোগ শুনানি আকারে উপস্থাপন করা হয়।
প্রধান অতিথি নাসিম উদ্দিন আহম্মদ বলেন, ‘সরকারি দপ্তরগুলো থেকে সেবা পাওয়া নাগরিকদের সাংবিধানিক অধিকার। যাদের বিরুদ্ধে অভিযোগ পড়েছে, তারা আগামী সেপ্টেম্বরের মধ্যে সমস্যাগুলো সমাধান করবে, যা আমাদের নিয়মিত তত্ত্বাবধানে থাকবে।’ ২০১৭ সালের মধ্যে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শুনানি গ্রহণ করেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জসীম উদ্দীন হায়দার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল আফসার।
শুনানি চলাকালে দুদকের ঢাকা বিভাগীয় উপপরিচালক নাছিম আনোয়ার, নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সূর্য কান্ত দাস, সাধারণ সম্পাদক মো. বশিরুল ইসলাম, শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন মৃধা, সাধারণ সম্পাদক নুরউদ্দিন মো. আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।