আট সহপাঠীকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে নিহত ভারতীয় শিক্ষার্থী আসিফ শেঠ। ছবি: সংগৃহীত
চট্টগ্রামে নিহত ভারতীয় শিক্ষার্থী আসিফ শেঠ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থী মো. আতিফ শেখ হত্যার ঘটনায় তাঁর আট সহপাঠীকে আসামি করে মামলা হয়েছে। ঘটনার তিন দিন পর আজ মঙ্গলবার রাত আটটার দিকে নিহত শিক্ষার্থীর বাবা আবদুল খালেক শেখ বাদী হয়ে নগরের আকবর শাহ থানায় এ মামলা করেন।

আট আসামির মধে৵ ছয়জন ভারতীয়। বাকি দুজন বাংলাদেশি। সবাই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) এমবিবিএস চতুর্থ বর্ষের শিক্ষার্থী। আসামিরা হলেন মাইসনাম উইনসন সিং, গুরঙ্গ নিরাজ, জোসনা তম্বুরাম দেবি, প্রভাকর লাইশারাম, মালেনবাগ মাইনবাম, অথোপাম রোনাল্ড, প্রমেশ চাকমা ও সজল চাকমা।

নগরের আবদুল হামিদ সড়কের পাশে লেকভিউ সোসাইটির একটি আবাসিক ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে গত শুক্রবার রাতে ছুরিকাঘাত করে হত্যা করা হয় ইউএসটিসির চতুর্থ বর্ষের শিক্ষার্থী আতিফকে। একই ফ্ল্যাট থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় একই বর্ষের শিক্ষার্থী উইনসন সিংকে উদ্ধার করা হয়। তিন কক্ষের ওই ফ্ল্যাটে আতিফের অপর দুই সহপাঠী এমবিবিএস চতুর্থ বর্ষের শিক্ষার্থী গুরঙ্গ নিরাজ ও এমবিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী জোসনা তম্বুরাম থাকতেন। শুক্রবার রাতে তাঁদের পাঁচ বন্ধু ফ্ল্যাটে আড্ডা দিতে আসেন। উইনসন নগরের মেহেদীবাগ এলাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। আঞ্জুমান মফিদুল ইসলামের ফ্রিজারে রয়েছে নিহত আতিফ শেখের লাশ।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, নিহত আতিফের পরিবারের সদস্যরা ভারত থেকে আসার পর তাঁর বাবা বাদী হয়ে ইউএসটিসির আট শিক্ষার্থীকে আসামি করে থানায় মামলা করেছেন। এজাহারে তিনি উল্লেখ করেছেন, তাঁর ধারণা, মদের পার্টিতে আসা তাঁর ছেলের সহপাঠীরা পরিকল্পিতভাবে আতিফকে খুন করেছেন। ওসি বলেন, আসামিদের নজরদারিতে রাখা হয়েছে। কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি।

ওসি আলমগীর আরও বলেন, ঘটনার পর নিহত শিক্ষার্থীর সহপাঠী ও রুমমেট গুরঙ্গ নিরাজ পুলিশকে জানিয়েছেন, পার্টি শেষে একটি কক্ষের ভেতর মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন আতিফ শেখ। আর ফ্যানের সঙ্গে ঝুলন্ত ছিলেন উইনসন সিং। তাঁর বক্তব্য কতটুকু সত্য, তা জানার জন্য হাসপাতালে চিকিৎসাধীন উইনসনের সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে। ফ্ল্যাটের যে কক্ষে আতিফ খুন হন, সেই কক্ষেই আত্মহত্যার চেষ্টা করেন উইনসন। সুস্থ হওয়ার পর তাঁর বক্তব্য জানতে পারলে অনেক কিছু পরিষ্কার হবে।