সড়ক দুর্ঘটনায় দেশের আটটি স্থানে শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যা থেকে গতকাল রোববার পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এদিকে গত সোমবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কলেজছাত্রী ইতি আক্তার গতকাল সকালে মারা গেছেন।
এ নিয়ে গত ৫৯ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ৫২৭।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও আঞ্চলিক কার্যালয়-এর পাঠানো খবর:
বগুড়ার সদর উপজেলার এরুলিয়া হাটখোলা এলাকায় বাসের ধাক্কায় একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন ট্রাকের সহকারী পাভেল (২০) ও শ্রমিক জাহাঙ্গীর হোসেন (৩৫)। তাঁরা দুজন সদর উপজেলার শাখারিয়া বাড়ইপাড়ার বাসিন্দা।
বরগুনার পাথরঘাটায় মালবাহী টমটমের ওপরে যাত্রীবাহী বাস উঠে গিয়ে টমটম চালক মিজান (৪৫) ও তাঁর সহকারী মো. রাসেল (২৬) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যার দিকে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের কেরাতপুর এলাকায়। পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম মজুমদার মুঠোফোনে প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী চৌরাস্তা এলাকায় গতকাল দুপুরে ডাম্প ট্রাকের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম তামান্না আক্তার (৭)। সে স্থানীয় বরমী চৌরাস্তা মডেল একাডেমির প্রথম শ্রেণিতে পড়ত। তার বাবা হাকিম মিয়া বরমী কায়েতপাড়া গ্রামের হানিফ মিয়ার বাড়িতে ভাড়া থেকে নির্মাণশ্রমিকের কাজ করতেন।
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী খোরশেদ আলম (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকালে ওই দুর্ঘটনায় আহত খোরশেদ আলম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান। তাঁর বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামে।
পঞ্চগড়ে সড়কের ওপর চলন্ত ট্রাক্টরে উঠতে গিয়ে ছিটকে পড়ে এক চালক নিহত হয়েছেন। তাঁর নাম সজীব (৩০)। গতকাল সকালে সদর উপজেলার সদর ইউনিয়নের দ্বারিকামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সজীব মিয়া পঞ্চগড় জেলা সদরের মিঠাপুকুর এলাকার জহিরুল ইসলামের ছেলে।
সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি পাথরবোঝাই ট্রাকের চাপায় জমসের আলী (১৯) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। গতকাল ভোরে উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ঠাকুরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জমসের সদর উপজেলার মোড়গ্রাম এলাকার আবদুর রাজ্জাকের ছেলে।
এর আগে শনিবার সন্ধ্যায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ইটভাঙা মেশিনের গাড়ির চাপায় মহাদেব ঢালী (৪৫) ও বিকাশ দাস (৩৫) নামে দুই ব্যক্তি নিহত হন। তাঁরা ইটভাঙা শ্রমিক ছিলেন। উপজেলার সুবিদখালী কলেজ রোড এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত ইতি আক্তার (২০) নামের এক কলেজছাত্রী গতকাল সকালে মারা গেছেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
উপজেলার সদর ইউনিয়নের মো. আবদুস সালামের মেয়ে ইতি আক্তার ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তিনি গত সোমবার ঈশ্বরগঞ্জ ইউপি কার্যালয়ে অনুষ্ঠিত পরিসংখ্যান বিভাগের খানা গণনাকারী তথ্য সংগ্রহকারী পদের কর্মী হিসেবে প্রশিক্ষণ নিয়ে বাড়ি ফেরার জন্য ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সিএনজিচালিত একটি দ্রুতগামী অটোরিকশা তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পাঁচ দিন পর গতকাল তিনি মারা যান।