আট হাজার একর জমির বোরো চাষ হুমকির মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লোনার কারণে এবার আমাদের অন্তত এক হাজার একর জমিতে লাগানো ধানগাছে কোনো ফলন হবে না। ডেমুসিয়া জলমহাল নিলাম নিয়ে যারা সেখানে সমুদ্রের পানি ঢুকিয়ে মাছ চাষ করছে, তাদের কারণে ধান নষ্ট হচ্ছে।’ আক্ষেপের সুরে কথাগুলো বললেন বদরখালী কৃষি ও উপনিবেশ সমবায় সমিতির সভাপতি আবদুল হান্নান। কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার এই সমবায় সমিতি প্রায় ৮০ বছরের পুরোনো। সমিতির সদস্যসংখ্যা দেড় হাজার, যাদের ওপর নির্ভরশীল অন্তত ৪০ হাজার লোক। সমিতির সদস্যদের সবাই প্রান্তিক ও ক্ষুদ্র চাষি। এবার বোরো চাষ নষ্ট হলে সদস্যদের কী পরিমাণ আর্থিক লোকসানে পড়তে হবে, তার বিবরণ দেন আবদুল হান্নান।চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তার দেওয়া হিসাব মতে, উপজেলার চারটি ইউনিয়নে এবার প্রায় সাড়ে আট হাজার একর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়। ইউনিয়নগুলো হচ্ছে কোনাখালী, পশ্চিম বড় ভেওলা, ডেমুসিয়া ও বদরখালী। কিন্তু লবণাক্ততার কারণে এক-তৃতীয়াংশ জমিতেও ধান হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, গোছা গোছা সবুজ ধানগাছ এখন ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে। সামনের গরমে তাপমাত্রা আরও বাড়লে জমিতেও লবণাক্ততাও বাড়বে। ফলে এবার বোরো ধানের ফসল পুরোটাই নষ্ট হয়ে যেতে পারে। এতে ছোট-বড় এবং প্রান্তিক অন্তত ২৫ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করছে কৃষি বিভাগ।চকরিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা সরোয়ার জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, পানিতে লবণাক্ততার মাত্রা সাত-আট পিপিটির (লবণাক্ততার একক) বেশি হলে ধানগাছ মারা যাবে। সমুদ্রের পানি ঢোকানোর কারণে ডেমুসিয়া বদ্ধ জলমহালের কোনো কোনো জায়গায় এখন পানির লবণাক্ততার মাত্রা ২৫-২৬ পিপিটি পাওয়া যাচ্ছে।ডেমুসিয়া এলাকার বড় কৃষক শাহনেওয়াজ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘প্রায় এক হাজার বিঘা জমিতে বোরো চাষ করার প্রস্তুতি ছিল আমার। কিন্তু খালের পানির অবস্থা দেখে ৫০০ বিঘার মতো জমিতে বোরো ধান লাগাই। এখন সেই ধানগাছও মরে খড় হয়ে যাচ্ছে। প্রথমে কিছুদিন গভীর নলকূপ দিয়ে পানি সেচ দিয়েছি। এখন নলকূপেও লোনা পানি উঠছে।’এলাকার বিভিন্ন স্তরের কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, মাঠের পর মাঠ ধানগাছ মরে যাওয়ার প্রথম দিকে কৃষকেরা মনে করেছিলেন, এটা বুঝি কোনো রোগ। তাই অনেকে কীটনাশক ছিটিয়েছেন। কিন্তু পরে বোঝা গেল, এটা রোগ নয়, লোনা পানির কারণে গাছ মরছে।চকরিয়ার ইউএনও জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘চার ইউনিয়নের কৃষকেরা তাঁদের অভিযোগের কথা আমাদের জানিয়েছেন। কী ব্যবস্থা নেওয়া যায় দেখছি।’ডেমুসিয়ার আম্মার ডেলার মাঝারি চাষি কামাল উদ্দিন জানান, আট কানি জমিতে তিনি বোরো ধান লাগিয়েছেন। এক মাসের মধ্যে ধানের থোড় আসার কথা। দুই মাস পর ফসল ঘরে উঠত। কিন্তু থোড় আসার আগেই গাছ মরতে শুরু করেছে। ডেমুসিয়ার জমিদারপাড়ার একটি ধানের বীজতলায় গরু-মহিষ চরতে দেখা যায়। জানা যায়, স্থানীয় কৃষক ও ডেমুসিয়া জিন্নাত আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন এই বীজতলা তৈরি করেছিলেন। এলাকায় লবণাক্ততা ছড়িয়ে পড়ায় জমিতে আর চারা রোপণ করা সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি গরু-মহিষ দিয়ে চারা খাওয়ানোর ব্যবস্থা করেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডেমুসিয়ার ব্লক সুপারভাইজার শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘ধানগাছ মরার অবস্থা দেখে আমরা কৃষকদের নানা পরামর্শ দিয়েছি। কিন্তু কোনো পরামর্শই কাজ দিচ্ছে না। কারণ কৃষকদের সেচের একমাত্র উৎস খালের পানি। খালের পানি লবণাক্ত হয়ে পড়ায় সেই পানি এখন বোরো ধানের গাছকে মেরে খড় বানিয়ে দিচ্ছে।’পরিবেশ বিপর্যয়: ডেমুসিয়া খাল ও এর সঙ্গে সংযুক্ত উপখালের পানিতে লবণাক্ততা বৃদ্ধির কারণে আশপাশের পুকুর-ডোবার মিঠা পানিও ক্রমান্বয়ে লবণাক্ত হয়ে উঠছে। এমনকি সুপেয় পানির অগভীর নলকূপের পানিও এখন লবণাক্ত হয়ে পড়েছে। পূর্ব বড় ভেওলা গ্রামের চাষি জামাল হোসেন বলেন, লবণাক্ততা বাড়ার কারণে গরু-ছাগল এখন পুকুরের পানি মুখে নিচ্ছে না। নলকূপের পানিও লোনা হয়ে গেছে।