আট হাজার ছাত্রছাত্রীকে থাকতে হচ্ছে মেসে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা সাড়ে ১৪ হাজার। দুটি ছাত্র ও একটি ছাত্রীনিবাসে মাত্র ৩৯০ জন শিক্ষার্থীর আবাসনসুবিধা রয়েছে। তিনটি আবাসিক হোস্টেলে এক শয্যায় দুজন ও মেঝেতে ২৯০ জনের স্থানে ৭২০ জন গাদাগাদি করে থাকছে। ওয়াসিমুদ্দিন ছাত্রাবাস পুরোনো হওয়ায় ছাত্রদের দুর্ভোগের শেষ নেই। ঝুঁকিপূর্ণ ভবন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, বিশুদ্ধ পানির অভাব, অপর্যাপ্ত ও অস্বাস্থ্যকর টয়লেটব্যবস্থার মধ্যেই ছাত্ররা থাকছেন। এ অবস্থায় কলেজে অধ্যয়নরত প্রায় আট হাজার শিক্ষার্থীকে মেস করে থাকতে হচ্ছে। এর মধ্যে ৩০ শতাংশ ছাত্রীকে মেসে থাকতে হচ্ছে। মেসে বসবাসরত শিক্ষার্থীদের দুর্ভোগের মধ্যে তাদের পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে। ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও কলেজশিক্ষক পরিষদের সম্পাদক মো. সিদ্দিকুল্লাহ জানান, কিশোরগঞ্জের ১৩টি উপজেলার বিপুলসংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য গুরুদয়াল সরকারি কলেজে ভর্তি হয়ে আসছে। জেলা শহরের বাইরের প্রায় ১০ হাজার শিক্ষার্থীর জন্য ছাত্রাবাসগুলোতে আবাসনব্যবস্থা আছে মাত্র ৩৫০ জনের মতো। ফলে শহরের বাইরের প্রায় সাড়ে আট হাজার শিক্ষার্থীকে মেসে ও আত্মীয়স্বজনের বাসাবাড়িতে থেকে লেখাপড়া চালিয়ে যেতে হচ্ছে। মেসে থেকে পড়াশোনা করতে গিয়ে তাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। সরেজমিনে গেলে ওয়াসিমুদ্দিন ছাত্রাবাসের ছাত্র মো. রফিকুল ইসলাম বলেন, একটি কক্ষে পাঁচজনকে থাকতে হচ্ছে। শিক্ষার্থীরা আরও জানায়, ছাত্রাবাসের পরিবেশ খুব খারাপ। ২৭০ জন ছাত্রের জন্য একটি মাত্র নলকূপ। তাও প্রায় সময়ই থাকে বিকল। বাথরুমের অবস্থা খুবই খারাপ। হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী আশরাফুন্নাহার জানান, মেসে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় থাকেন। নিজেদের নিরাপত্তা নিজেদেরই সামলাতে হয়। ছাত্রীনিবাস না থাকায় বাধ্য হয়ে তাঁদের মেসে থাকতে হচ্ছে। একই বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী চৈতী সাহা জানান, বখাটেদের উৎপাতের কারণে নিরাপত্তাহীনতার মধ্যে মেসে থেকে পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে। প্রায় সময়ই মোবাইলসহ এটাসেটা চোরেরা নিয়ে যায়। ওয়াসিমুদ্দিন হোস্টেলের সহকারী সুপার সহকারী অধ্যাপক সাইদুল্লাহ মিয়া সমস্যা ও সংকটের সত্যতা স্বীকার করে বলেন, একজনের জায়গায় তিনজনকে থাকতে হলে সমস্যা তো হবেই। নতুন হোস্টেল নির্মাণ না হলে সমাধানের কোনো পথ আপাতত দেখছি না। ওসমান গনি ছাত্রাবাসের সুপার সহযোগী অধ্যাপক মো. মজিবুর রহমান জানান, ১০০ আসনের বিপরীতে দ্বিগুণের বেশি শিক্ষার্থী থাকছে। গোসল ও অন্যান্য কাজ সারতে সমস্যা হবে এটা স্বাভাবিক। ছাত্রাবাসের বাইরে আরও প্রায় আট হাজার শিক্ষার্থী মেস করে থাকছে। কলেজ অধ্যক্ষ মো. আরজ আলী বলেন, ‘ছাত্র ও ছাত্রীনিবাসে শিক্ষার্থীদের জায়গা দিতে পারছি না। মেসগুলোর অবস্থা আরও ভয়াবহ। বিস্তারিত জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর ২০০ আসনের দুটি ছাত্রীনিবাস, ৩০০ আসনের তিনটি ছাত্রাবাস নির্মাণের জন্য লিখিতভাবে জানিয়েছি। তা ছাড়া এই কলেজের প্রাক্তন কৃতী শিক্ষার্থী স্পিকার আবদুল হামিদকে কলেজের যাবতীয় সমস্যার বিষয়ে অবগত করে সংশ্লিষ্ট দপ্তরে ডিও পাঠানোর জন্য আবেদন করেছি। আশা করি, ইতিবাচক ফল পাব।’