আট হাজার শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ হারাচ্ছেন!
যশোর শিক্ষা বোর্ডের কমপক্ষে আট হাজার শিক্ষার্থীর মেডিকেল কলেজে ভর্তির আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মেডিকেলে ভর্তির আবেদনের শেষ সময় আগামী ৫ সেপ্টেম্বর। ওই সময়ের মধ্যে তাঁদের খাতা পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ নিয়ে সংশয় দেখা দিয়েছে।শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের জন্য মুঠোফোন কোম্পানি টেলিটকের মাধ্যমে ২৯ জুলাই রাত ১২টা থেকে ১২ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবেদনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। যশোর শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন কলেজের আট হাজার ৪০০ শিক্ষার্থীর কাছ থেকে ২৫ হাজার ৩৫৬টি পত্রে আবেদন জমা পড়ে। ১৩ আগস্ট সাপ্তাহিক ছুটি থাকার কারণে ১৪ আগস্ট টেলিটক আবেদনপত্রগুলো শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। ১৫ আগস্ট আবার সরকারি ছুটি থাকায় পরদিন ১৬ আগস্ট আবেদনগুলো বাছাই করে ১৮ আগস্ট পরীক্ষকদের কাছে একটি করে চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে বলা হয়, ২৩ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ের খাতাগুলো হাতে হাতে শিক্ষা বোর্ডে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানানো হলো।এদিকে ২৫ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত (মাঝখানে সোমবার বাদে) থাকছে ঈদের ছুটি। ফলে খাতা নিরীক্ষণের জন্য সময় পাওয়া যাচ্ছে মাত্র চার দিন। এ কারণে সংশয় দেখা দিয়েছে। এ ব্যাপারে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক আজমল গনি বলেন, সরকারি ছুটির কারণে আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে যথাযথভাবে খাতা মূল্যায়ন শেষ করে ফলাফল প্রকাশ করা কোনোভাবেই সম্ভব হবে না। সে ক্ষেত্রে মেডিকেলে ভর্তি আবেদনের মেয়াদ বাড়ানো ছাড়া কোনো উপায় নেই। তিনি আরও বলেন, শিক্ষা বোর্ডের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বয়হীনতার কারণেই এমনটি হয়েছে।যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ এনায়েত করিম প্রথম আলোকে বলেন, সময় বাড়ানো ডিজি অফিসের (মহাপরিচালকের দপ্তর) সিদ্ধান্তের ব্যাপার। তবে এটি করা বেশ কঠিন হবে।