আট হাজার শিক্ষার্থীর জন্য শ্রেণিকক্ষ মাত্র ১৮টি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটিয়া সরকারী কলেজের মূল ফটক l প্রথম আলো
পটিয়া সরকারী কলেজের মূল ফটক l প্রথম আলো

৮ হাজার শিক্ষার্থীর জন্য শ্রেণিকক্ষ আছে মাত্র ১৮টি। শিক্ষক রয়েছেন ৩৬ জন। ৫২ বছরের পুরোনো ঐতিহ্যবাহী পটিয়া সরকারী কলেজের চিত্র এটি। উচ্চমাধ্যমিকের পাশাপাশি এই কলেজে স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর কোর্স চালু আছে। তবে শ্রেণিকক্ষ ও শিক্ষক–সংকটের কারণে ব্যাহত হচ্ছে পাঠদান ও শিক্ষা কার্যক্রম।
পটিয়া সরকারী কলেজের শিক্ষকেরা জানান, ১৯৬২ সালে পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের ক্যাম্পাসের ২ দশমিক ৫ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত কলেজটি ১৯৮০ সালে সরকারি হয়। কলেজের নিয়মিত শিক্ষার্থী ৮ হাজার ১৮৭ জন। উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ১৬টি বিভাগের জন্য ৯১ জন শিক্ষকের পদ থাকার কথা থাকলেও শিক্ষকের পদ আছে ৫০টি। বর্তমানে কর্মরত আছেন ৩৬ জন। শূন্য আছে ১৪টি পদ। স্নাতক (সম্মান) ও œস্নাতকোত্তর প্রতিটি বিভাগে ১২ জন করে শিক্ষক থাকার কথা। কিন্তু কোনোটিতে আছেন দুজন, আবার কোনোটিতে তিনজন। কলেজের প্রতি ২২৮ জন শিক্ষার্থী জন্য শিক্ষক রয়েছেন মাত্র একজন।
সম্প্রতি পটিয়া কলেজে গিয়ে দেখা যায়, দুই তলা পুরোনো একটি প্রশাসনিক ভবন এবং তিন তলা দুটি একাডেমিক ভবনে চলছে কলেজের শিক্ষা কার্যক্রম। কলেজের একটি ছোট কক্ষে তিনটি টেবিল ও কিছু চেয়ার নিয়ে চলছে ছোট একটি সেমিনার কক্ষ। মিলনায়তনটিও হয়ে পড়েছে জরাজীর্ণ।
এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজের নানা সমস্যার কথা তুলে ধরেন। তাঁদের কথা, সরকারি কলেজ হওয়ায় ও অনার্স কোর্স চালু থাকায় দক্ষিণ চট্টগ্রামের প্রচুর ছাত্রছাত্রী এখানে পড়তে আসেন। অথচ শিক্ষার ন্যূনতম সুযোগ-সুবিধাও নেই এখানে। শিক্ষক–সংকটের কারণে কলেজের এক বিষয়ের শিক্ষক অন্য বিষয়ে পাঠদান করতে বাধ্য হন। ফলে শিক্ষার্থীরা গাইড বই ও কোচিং–নির্ভর হয়ে পড়ছেন।
কলেজ ক্যাম্পাসে কথা হয় বিএসএস স্নাতক (পাস) শ্রেণির তৃতীয় বর্ষের শিক্ষার্থী কামাল উদ্দিন ও আমিরুল আলমের সঙ্গে। তাঁরা বলেন, ভর্তি হওয়ার পর প্রথম বর্ষের নিয়মিত ক্লাস হয়েছিল। দ্বিতীয় বর্ষে অর্থনীতি ও ইসলামের ইতিহাস বিষয়ে ১০টির মতো ক্লাস হয়েছে। তৃতীয় বর্ষে এখনো পর্যন্ত একটি ক্লাসও হয়নি।
তাঁরা আরও বলেন, শ্রেণিকক্ষের সংকটের কারণে একজন শিক্ষক একটি বর্ষের ক্লাস নিলে অন্য বর্ষের শিক্ষার্থীদের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়।
হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজিম উদ্দিন বলেন, ব্যবস্থাপনা বিভাগের জন্য মাত্র একটি শ্রেণিকক্ষ রয়েছে। এ কারণে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রেখে চতুর্থ বর্ষের ক্লাস নিতে হয়। শিক্ষক ও কক্ষ–সংকটের কারণে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হয় দুইটার পর থেকে প্রায় পাঁচটা পর্যন্ত।
কলেজের অধ্যক্ষ এ কে ফজলুল হক বলেন, কলেজের সবচেয়ে বড় সংকট হচ্ছে দুটি। শিক্ষক ও শ্রেণিকক্ষ–সংকট। তিনি আরও বলেন, ‘কয়েক বছর ধরে কলেজের একাডেমিক ভবন নির্মাণের জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে। তবে ইতিমধ্যে জেনেছি, সাড়ে সাত কোটি টাকা অর্থায়নে ছয়তলাবিশিষ্ট একটি ভবনের অনুমোদন হয়েছে একনেকের বৈঠকে। মিলনায়তন সংস্কারের জন্য ১৫ লাখ টাকা বরাদ্দ হয়েছে। শিক্ষকের পদ সৃষ্টির প্রক্রিয়া না থাকায় তার জন্য আবেদন করা যাচ্ছে না। এসব সমস্যা থাকলেও কলেজের শিক্ষার্থীদের ফল ভালো হচ্ছে।’
এত সংকটের পরও কলেজের শিক্ষার্থীদের ফল ভালো হচ্ছে। ২০১৬ সালে এইচএসসির বিজ্ঞান শাখায় পাসের হার ছিল ৯৩ দশমিক ৫৬ শতাংশ, ব্যবসা শিক্ষায় ৯৬ দশমিক ৩৮ ও মানবিকে ৭৯ দশমিক শূন্য ৭ শতাংশ। ফলাফলের দিক থেকে ২০১৫ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় পর্যায়ে পটিয়া সরকারী কলেজের অবস্থান ছিল সপ্তম।