৩৩তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রকাশ করা হয়েছে। এতে আট হাজার ৫২৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ৯৯১ জন। এর মধ্যে আট হাজার ৫২৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। উত্তীর্ণ বাকিদের বিভিন্ন নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার চেষ্টা করা হবে।
চার হাজার ২০৬টি শূন্য পদের বিপরীতে নিয়োগ দিতে ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এক লাখ ৯৩ হাজার ৫৯ জন পরীক্ষার্থী ২০১২ সালের ১ জুন অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন। ওই বছরের ২৮ জুন ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন ২৮ হাজার ৯১৭ জন।
এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১৮ হাজার ৬৯৩ জন প্রার্থী। চলতি বছরের মে ও জুন মাসে মৌখিক পরীক্ষা হয়। চূড়ান্ত ফল গতকাল প্রকাশ করা হয়েছে। শেষ মুহূর্তে পদের সংখ্যা বাড়িয়ে প্রায় দ্বিগুণ করা হয়েছে।