আটক অবস্থায় মৃত্যুর ঘটনা দৃশ্যমানভাবে কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক অবস্থায় মৃত্যুর ঘটনা দৃশ্যমানভাবে কমেছে। এ ধরনের মৃত্যু শূন্যের কোঠায় নামিয়ে আনতে কমিশন বদ্ধপরিকর। এ জন্য কমিশন নিরলসভাবে কাজ করছে।গতকাল বুধবার অংশীদারের গণতন্ত্র ও দায়বদ্ধ শাসনব্যবস্থা কার্যকরের দাবিতে জাতীয় নাগরিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে মিজানুর রহমান এ কথা বলেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আটক অবস্থায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনা এখনো বন্ধ হয়নি। প্রায় প্রতিদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের যোগাযোগ হয়, চিঠি চালাচালি হয়। তিনি আরও বলেন, ‘মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে। জনগণ বলতে আমরা বুঝি দরিদ্র জনগণকে। জনগণের অধিকার আমরা আদায় করবই। অধিকার কারও করুণা নয়।’রাজধানীর এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত এই নাগরিক সম্মেলনে কয়েকজন বিশিষ্ট অর্থনীতিবিদ ও স্থানীয় সরকারবিশেষজ্ঞ শাসনব্যবস্থার বিকেন্দ্রীকরণ, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে স্থানীয় জনগণের মতামত নিতে সরকারের প্রতি আহ্বান জানান।সম্মেলনে মোট ১০ দফা দাবি জানানো হয়। এর মধ্যে আছে সব নাগরিকের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিত্সা ও কর্মসংস্থানের মতো মৌলিক চাহিদা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ; সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিসহ যথাযথ উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে অতি দরিদ্রদের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা, স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত রাষ্ট্রীয় সব প্রাতিষ্ঠানিক কাঠামোতে জন-অংশগ্রহণের বিধান প্রণয়ন ও তা কার্যকর করা, আগামী অর্থবছর থেকে জেলা ও পর্যায়ক্রমে সব স্থানীয় সরকার-স্তরে স্থানীয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং সেই ভিত্তিতে জাতীয় উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়নের বিধান করা প্রভৃতি।সভাপতির বক্তব্যে স্থানীয় সরকারকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম ও পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘স্থানীয় সরকার মানুষকে সংগঠিত করতে পারে, কেন্দ্রীয় সরকার পারে না। তাদের সংগঠিত করতে একটি কাঠামো দরকার। কেন্দ্রীয়ভাবে বাজেট করা হয়, কিন্তু তার বাস্তবায়ন হয় না। কারণ, এই প্রক্রিয়ায় মানুষকে সম্পৃক্ত করা হয় না। উন্নয়ন কর্মকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নে স্থানীয় মানুষদের সম্পৃক্ত করতে হবে।’বিশেষ অতিথি জাতিসংঘ উন্নয়ন তহবিলের (ইউএনডিপি) স্থানীয় সরকারবিষয়ক উপদেষ্টা অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা সরকারের সমালোচনা করছি। কিন্তু বিরোধী দলও কি দায়িত্ব পালন করছে? সংবিধান সংশোধন হচ্ছে অথচ সংসদে বিরোধী দল নেই। বাজেট পাস হওয়ার সময়ও তারা ছিল না। অথচ বিদেশ ভ্রমণে তাঁরা ঠিকই যাচ্ছেন।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, ‘আগামী তিন বছরে সরকারকে ভালো কিছু করতে হবে। নইলে মন্দের ভালো সরকারের চেয়ে হয়তো আমাদের মন্দ সরকারের অধীনে থাকতে হবে। সেটা আমরা চাই না। এই সরকার দিনবদলের প্রতিশ্রুতি দিয়ে এসেছে। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা বেশি।’ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী বলেন, ‘আমাদের দেশে রাষ্ট্রীয় ক্ষমতা একেবারেই এককেন্দ্রিক। শুধু ঢাকায় বসে সবকিছু হয়। সংশ্লিষ্ট এলাকার মানুষদের নিজেদের জন্য পরিকল্পনা করার অধিকার নেই।’সম্মেলনে স্বাগত বক্তব্য দেন গভর্নেন্স কোয়ালিশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য আনোয়ার জাহিদ।