নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে। গতকাল রোববার বিকেলে রাজগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে এদের আটক করা হয়।এ নিয়ে এ ঘটনায় ২৮ জনকে গ্রেপ্তার করা হলো। এদিকে বর্বরোচিত এই হামলার প্রতিবাদে গতকালও রাজগঞ্জ বাজারে হিন্দুদের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল এবং ক্ষতিগ্রস্ত মন্দিরগুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়।অপর দিকে, হামলায় ক্ষতিগ্রস্ত এবং আগুনে সর্বস্ব হারানো পরিবারগুলোর মধ্যে সরকারের পক্ষ থেকে ১৬০ বান্ডিল ঢেউটিন ও চার লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে রাজগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হাতে ঢেউটিন ও টাকা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার নুরুল হক।এ সময় উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সেক্রেটারি বিনয়কিশোর রায়, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ব্রজেন্দ্র মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইমদাদুল হক ও রাজগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর রশিদ।ইউএনও খন্দকার নুরুল হক জানান, প্রাথমিকভাবে ১৬০ বান্ডিল ঢেউটিন এবং চার লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে, যা ক্ষতিগ্রস্ত ৬৭টি পরিবার, ছয়টি মন্দির ও সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকের মধ্যে বিতরণ করা হয়েছে। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আহসানুল ইসলাম বলেন, মন্দির-বাড়িঘরে হামলা-লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে র্যাব-পুলিশ আরও ১৫ জনকে আটক করে। এ নিয়ে গত তিন দিনে সর্বমোট ২৮ জনকে আটক করা হয়েছে।ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মাহবুব রশীদ প্রথম আলোকে বলেন, ওই দিনের ঘটনার সঙ্গে যারা জড়িত, চেষ্টা করা হচ্ছে তাদেরকেই আটক করার। তবে, এদের সবার রাজনৈতিক পরিচয় এখনো শনাক্ত করা হয়নি।