নোয়াখালীতে মাজারের খাদেম হত্যায় জড়িত সন্দেহে জনতার হাতে আটক ইলিয়াসের সঙ্গে নব্য জেএমবির নিহত দুই জঙ্গির যোগাযোগ ছিল বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
সংশ্লিষ্ট সূত্র বলছে, ইলিয়াছ নিজেও নব্য জেএমবির সদস্য। তাঁর সাংগঠনিক নাম মাহাবুব। ইলিয়াছ ধরা পড়ার পর বিষয়টি পরিষ্কার হয়।
গত বুধবার সন্ধ্যায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের হাটগাঁও গ্রামে আফজাল শাহ মাজারের খাদেম সোনা মিয়াকে গলা কেটে হত্যা করা হয়। স্থানীয় লোকজন ধাওয়া করে প্রথমে মো. ইলিয়াস এবং পরে সুজনকে আটক করেন। ইলিয়াস ও সুজনকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিমান্ড শেষে গত সোমবার ইলিয়াসকে দ্বিতীয় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটও এ হত্যা মামলার বিষয়ে তথ্য সংগ্রহ করছে। এই ইউনিটের দায়িত্বশীল এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ইলিয়াসের সঙ্গে নব্য জেএমবির সদস্য জোবায়ের হোসেন ও আশরাফুল আলমের যোগাযোগ ছিল বলে তদন্তে জানা গেছে। জোবায়ের গত বছরের ২৬ জুলাই কল্যাণপুরে জঙ্গিবিরোধী অভিযানে নিহত ৯ জনের একজন। তাঁর বাড়ি নোয়াখালীর সুধারামে, তিনি নোয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলেন। নাজিম নিহত হন চলতি বছরের ৩১ মার্চ মৌলভীবাজারের বড়হাটে পুলিশের অভিযানে, তাঁর বাড়িও নোয়াখালী। ওই অভিযানে নব্য জেএমবির তৎকালীন আমির মইনুল ওরফে মুসা ও অজ্ঞাতপরিচয় এক নারীও নিহত হন।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) ইলিয়াস শরীফ প্রথম আলোকে বলেন, ইলিয়াসের বক্তব্য বিশ্লেষণ করে মনে হয়েছে উগ্রবাদী কোনো গোষ্ঠীর সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে।