
চট্টগ্রামে বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে চলন্ত ট্রেনের যাত্রী প্রকৌশলী প্রীতি দাশের (২৪) নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। ওই ঘটনায় সম্পৃক্ত থাকতে পারে সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
এ ছাড়া প্রীতি দাশ নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ রেলওয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক তাফাজ্জল হোসেন। ওই কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার রেলওয়ে পুলিশ সুপার (পূর্বাঞ্চল) মো. নজরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, রোববার রাতে পাথর ছোড়ার ঘটনায় জড়িত থাকতে পারে সন্দেহে মো. রুবেল (২০) নামের একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। থানায় মামলা হয়েছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া প্রীতি দাশের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
তাঁর মাথায় আঘাত লেগেছে বলে চিকিত্সক আগেই সনদ দিয়েছিলেন। তাই ময়নাতদন্ত না হলেও তা মামলার ওপর প্রভাব ফেলবে না বলে তিনি মনে করেন।
প্রসঙ্গত, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকায় চলন্ত ট্রেনে বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে গত শনিবার প্রীতি দাশ (২৪) নামের এক প্রকৌশলী নিহত হন। প্রীতি তাঁর স্বামীসহ ট্রেনে করে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন। শনিবার রাত ১১টা ২০ মিনিটে তূর্ণা নিশিথা ট্রেনে এই ঘটনা ঘটে।