আটক এড়াতে অ্যাসিড পানে আত্মহত্যার চেষ্টা যুবকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর বিকৃত ছবি মুঠোফোনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করতে যায় পুলিশ। এ সময় ওই যুবক পালিয়ে যান। একপর্যায়ে অ্যাসিড পান করে আত্মহত্যার চেষ্টা চালান তিনি। বরগুনা সদর উপজেলায় গত শুক্রবার এ ঘটনা ঘটেছে। ওই যুবকের নাম মো. সবুজ (১৯)। তিনি বরগুনা সদরের নলটোনা ইউনিয়নের বাবুগঞ্জ বাজারের একটি কম্পিউটারের দোকানের মালিক। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, সবুজ ও তাঁর সহযোগী মো. মাসুদ কম্পিউটারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিকৃত ছবি ও বেশ কিছু পর্নো ভিডিও এলাকার বিভিন্ন ব্যক্তির মুঠোফোনে সরবরাহ করছিলেন। বিষয়টি জানতে পেরে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনা থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সবুজের দোকানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সবুজ ও মাসুদ দোকান খোলা রেখে পালিয়ে যান। একপর্যায়ে সবুজ বাবুগঞ্জ বাজারের একটি ঘরে আশ্রয় নিয়ে সৌরবিদ্যুতের ব্যাটারিতে ব্যবহূত অ্যাসিড পান করে আত্মহত্যার চেষ্টা চালান। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে এ ধরনের রোগীর চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাৎক্ষণিকভাবে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।সবুজের বাবা আবদুস ছত্তার মিয়া জানান, সবুজ ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বরগুনা থানার ওসি শীলমণি চাকমা জানান, পুলিশ সবুজের ব্যবহূত কম্পিউটারটি জব্দ করেছে। এ ঘটনায় দুজনকে আসামি করে মামলা হয়েছে।ব্যঙ্গচিত্র প্রদর্শনে কারাদণ্ড, জরিমানা: এদিকে মুঠোফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের ঘটনায় বরগুনায় দুই যুবককে কারাদণ্ড ও এক দোকানমালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান এ রায় দেন।রায়ে বরগুনা সদর উপজেলার নলটোনা গ্রামের মাসুম বিল্লাহকে (২১) তিন মাস ও রায়ভোগ গ্রামের মো. হেলালকে (২০) এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। আর শহরের পৌর সুপার মার্কেটের রানী টেলিকমের মালিক ফরহাদ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।