ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের একটি কক্ষে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটকে নির্যাতনের অভিযোগে গতকাল শনিবার দুজনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানার পুলিশ।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্র শাহরিয়ার হোসেন ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাজ্জাদ।বিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান বলেন, বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী তোফায়েল আহমেদ শুক্রবার সকালে কার্জন হল প্রাঙ্গণে ল্যাপটপ ব্যবহার করছিলেন। এ সময় পাশে বান্ধবীকে নিয়ে বসে ছিলেন সাজ্জাদ। সাজ্জাদের ধারণা, তোফায়েল তাঁর ল্যাপটপের ভিডিও ক্যামেরা দিয়ে তাঁদের দুজনের ছবি তুলছেন। এ নিয়ে তোফায়েলের সঙ্গে সাজ্জাদের বাগিবতণ্ডা হয়। পরে সাজ্জাদ ও নুরুল কামার নামের এক যুবক তোফায়েলকে ধরে মুহসীন হলে নিয়ে যায়। তোফায়েলকে তাঁরা হলের একটি কক্ষে আটকে রড, হকিস্টিক দিয়ে বেধড়ক পেটান। এ সময় শাহরিয়ার হোসেন এসে তোফায়েলকে আরও মারধর করেন। একপর্যায়ে তাঁরা তোফায়েলের ল্যাপটপ, মোবাইল ফোন, পেনড্রাইভ, ঘড়ি ও হাজার দেড়েক টাকা রেখে ছেড়ে দেন।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, অবৈধভাবে আটক করে নির্যাতনের অভিযোগে তোফায়েল গত শুক্রবার শাহরিয়ার, সাজ্জাদ ও নুরুল কামারের বিরুদ্ধে মামলা করেছেন। শাহরিয়ার ও সাজ্জাদকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।