আটক গরু ফেরতের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সীমান্তে বিডিআরের হাতে আটক গরু ফিরে পেতে গতকাল শুক্রবার কালীগঞ্জ-সাতক্ষীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গরু ব্যবসায়ী ও তাঁদের কর্মচারীরা। এদিকে তিন হাজারেরও বেশি এই গরুর রক্ষণাবেক্ষণ নিয়ে বিপাকে পড়েছে কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল মারা গেছে অর্ধশতাধিক গরু।ভারত থেকে নিয়ে আসার সময় গত বুধবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাঁখরা ও হাড়দ্দহ সীমান্তে তিন হাজার ৮৬টি গরু আটক করে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। গরুগুলো সাতক্ষীরা কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান খান সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে বলেন, গরু ব্যবসায়ীদের স্বার্থের বিষয়টি বিবেচনায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় পর তাঁরা অবরোধ তুলে নেন।এদিকে, সাতক্ষীরা কাস্টমস অফিস সূত্রে জানা গেছে, আটক করা গরু গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত ট্রাকে ও হাঁটিয়ে কাস্টমস গুদামে আনা হয়েছে। গতকাল বিকেল চারটা পর্যন্ত কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা পড়েছে দুই হাজার ২০০ গরু।নাম প্রকাশ না করার শর্তে একজন কাস্টমস কর্মকর্তা জানান, গুদামের বাইরে যে খোলা জায়গা আছে, সেখানে এক হাজার গরু রাখা যেতে পারে। অল্প জায়গায় গাদাগাদি করে রাখায় বৃহস্পতিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত ৫২টি গরু মারা গেছে। অসুস্থ হয়ে পড়েছে আরও অর্ধশতাধিক গরু। তা ছাড়া লোকবলের অভাবে এত গরু রক্ষণাবেক্ষণ নিয়ে তাঁরা চরম বিপাকে পড়েছেন।ওই কর্মকর্তা আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে কাল রোববার আটক করা গরুগুলো নিলামে বিক্রি করা হতে পারে।