আটক চারজনকে ছিনিয়ে নিল দালালেরা
রাজশাহীতে গতকাল বুধবার পুলিশের ওপর হামলা চালিয়ে পাসপোর্টের চারজন দালালকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন দালাল আহত হয়েছেন। পরে পুলিশ তিনজনকে আটক করেছে।
তাঁদের মধ্যে রহিদুল ইসলাম ও রায়হানুল ইসলামের বাড়ি নওগাঁ জেলায়। তাঁরা পাসপোর্টের কাজে এসেছিলেন। আটক সুমন আলীর বাড়ি নগরের ছোট বনগ্রাম এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে পাসপোর্ট কার্যালয়ে অভিযান চালিয়ে হাতেনাতে চার দালালকে আটক করে গাড়িতে তোলে পুলিশ। এ সময় অন্য দালালেরা হামলা চালিয়ে আটক দালালদের ছিনিয়ে নেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশও পাল্টা রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। প্রায় ১০ মিনিট ধরে সংঘর্ষ চলাকালে দালালদের অন্তত ১০ জন আহত হন।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, সংঘর্ষের সময় আটক দালালেরা পালিয়ে গেছে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।