পুরান ঢাকার হোসেনি দালান প্রাঙ্গণে গ্রেনেড হামলার ঘটনায় আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তবে গতকাল সোমবার পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেপ্তার করার কথা জানায়নি ডিবি পুলিশ।
গত শুক্রবার গভীর রাতে হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে গ্রেনেড হামলায় এক কিশোর নিহত ও ১৫০ জন আহত হয়। এ ঘটনায় রোববার চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. জালালউদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।
তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, তাঁরা এখন ঘটনাস্থলে থাকা ৩২টি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছেন। ঘটনাস্থলের আশপাশে থাকা দুটি ক্যামেরার ফুটেজে হোসেনি দালানের ভেতরের কবরস্থানের কোনা থেকে কাউকে হাত ঘুরিয়ে কিছু একটা ছুড়তে দেখা গেছে। কর্মকর্তারা বলেন, হামলাকারীরা গ্রেনেড ছুড়ে মেরে কবরস্থান-সংলগ্ন প্রাচীর টপকে চলে গিয়ে থাকতে পারে, আবার ভিড়ের সঙ্গে মিশে গিয়ে থাকতে পারে। কবরস্থানের প্রাচীর টপকে প্লাস্টিকের কারখানার পাশের সরু গলি দিয়ে কোথায় যাওয়া যায় তা-ও দেখা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা গ্রেনেডের অংশবিশেষ পরীক্ষা করা হচ্ছে। আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া প্রত্যক্ষদর্শী, হোসেনি দালানের নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিদের সঙ্গে কথা বলছেন তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম গতকাল বলেন, এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
গতকাল দুপুরে হোসেনি দালানে গিয়ে দেখা গেছে, একেবারে ফাঁকা। পুলিশের পাহারা রয়েছে। হামলাস্থল ধুয়েমুছে পরিষ্কার করা হয়েছে। দালানের সামনে গতকালও দোকান বসতে দেওয়া হয়নি।