আটক ছাত্রসহ ছয়জনের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে দেশি অস্ত্রসহ বিশ্ববিদ্যালয় ও কলেজছাত্রসহ আটক ছয়জনকে ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার এঁদের কারাগারে পাঠানো হয়।পুলিশ সূত্র জানায়, গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিলেট নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা ময়দান থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাসুদ পারভেজ (২০), সিলেট এমসি কলেজের বাংলা বিভাগের (সম্মান) দ্বিতীয় বর্ষের অনুপম দাস (১৯), একই কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের মাহমুদ হোসেন (২০), একই কলেজে ভর্তি-ইচ্ছুক হামিদুর রহমান (২০), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর তুহিন আহমদ (২১) ও তাঁদের সঙ্গী মিলন আহমদকে (১৮) দুটি চাপাতি ও ছোরাসহ আটক করে পুলিশ। রাতে এঁদের জিজ্ঞাসাবাদ করে গতকাল সকালে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়। মামলায় আরও দুজনকে আসামি করা হয়েছে। তাঁরা ওই ছয়জনের সঙ্গী ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালিয়ে যান।সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) কেফায়েতউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের আটক করা হয়েছিল। এঁদের পাঁচজনই বিশ্ববিদ্যালয় ও কলেজপড়ুয়া হওয়ায় পুলিশ বিষয়টি নিশ্চিত হতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে।