আটক জাটকাভর্তি ট্রলার ছিনিয়ে নিলেন যুবলীগ নেতা
পটুয়াখালীর বাউফল উপজেলায় অভিযান চালিয়ে আটক করা জাটকা ইলিশভর্তি ট্রলার প্রকাশ্যে ছিনিয়ে নিয়েছেন যুবলীগের এক নেতা। গত সোমবার দুপুরে কালাইয়া লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। যুবলীগের ওই নেতার নাম মো. হযরত আলী সিকদার। তিনি স্থানীয় কালাইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ওই লঞ্চঘাট এলাকার নান্না মিয়ার মাছের আড়তের পেছন থেকে অবৈধ জাটকাভর্তি একটি ট্রলার আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই স্থানীয় যুবলীগের নেতা মো. হযরত আলী দলবল নিয়ে ওই ট্রলারটি ছিনিয়ে নিয়ে যান। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়। ইউএনও তাঁকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। সে অনুযায়ী মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে মৎস্য কর্মকর্তা জানান। এ ব্যাপারে যোগাযোগ করা হলে মো. হযরত আলী সিকদার বলেন, ‘ওই ট্রলারে অল্প কিছু মাছ ছিল। মৎস্য কর্মকর্তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছি। অনুরোধ না রাখায় ট্রলারটি আমি নিয়ে গেছি।’ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ট্রলারে কমপক্ষে ছয় মণ জাটকা ছিল।