আটক তিন ইরানিকে কারাগারে প্রেরণ
অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক তিন ইরানি নাগরিককে মেহেরপুরের আদালতে সোপর্দ করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে গাংনী থানা-পুলিশ ওই তিন বিদেশি নাগরিককে মেহেরপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে।
বিদেশি নাগরিকদের পক্ষে কোনো আইনজীবী না থাকায় মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ মুহিদুজ্জামান তাঁদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বেলা আড়াইটার দিকে তাঁদের মেহেরপুর কারাগারে নেওয়া হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন সাংবাদিকদের জানান, গাংনী বাজারের মোটরসাইকেল মেকানিক শাহ জামালের কাছে গতকাল মঙ্গলবার বিকেলে ওই তিন বিদেশি নাগরিক টাকা ভাঙানোর কথা বলেন। টাকা ভাঙানোর সময় তাঁরা শাহ জামালের নাকের কাছে কোনো সুগন্ধি শুকানোর চেষ্টা করলে তিনি প্রতিবাদ করেন। এ সময় বিদেশিরা জোর করে ক্যাশবাক্স থেকে টাকা নিতে গেলে তিনি চিৎকার দেন। চিৎকার শুনে স্থানীয় লোকজন বিদেশিদের ধাওয়া করেন। এ সময় বিদেশিরা গাড়িতে করে পালানোর সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া এলাকায় চোখতোলা মাঠের সড়কের পাশে একটা ডোবায় পড়ে যায়। আহত অবস্থায় স্থানীয় লোকজন ওই তিন বিদেশিকে ধরে পুলিশে দেন। এ ঘটনায় গতকাল রাত সাড়ে নয়টার দিকে শাহ জামাল বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় তিন বিদেশিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।