আটক তিন লাখ লিটার ফার্নেস অয়েল নিয়ে বিপাকে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ২০১২ সালে দুই কোটি টাকার বেশি দামের (তখনকার বাজারমূল্য) তিন লাখ লিটার ফার্নেস অয়েল আটকের ঘটনায় করা মামলা এবং ওই ঘটনার আলামতগুলো সম্প্রতি দুদকের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। আলামতগুলো রাখার জায়গা না থাকায় তেলগুলো বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দিতে গত বুধবার আদালতে আবেদন করে দুদক। সেই আবেদনের শুনানির জন্য আজ রোববার দিন ধার্য করেছেন আদালত।
দুদক ও র‌্যাব সূত্রে জানা গেছে, দেড় বছর তদন্ত করার পর গত বছরের ৭ অক্টোবর মামলাটি দুদকে হস্তান্তর করে র‌্যাব। এ বছরের ২৭ জানুয়ারি মামলাটি তদন্তের ভার দেওয়া হয় চট্টগ্রাম দুদকের উপসহকারী পরিচালক খলিলুর রহমান সিকদারকে। তদন্তভার পাওয়ার পর মামলার যাবতীয় নথিপত্র ও আলামত দুদককে বুঝিয়ে দেয় র‌্যাব। কিন্তু স্থানসংকটের কারণে মামলার আলামত ট্যাংক-লরি, অয়েল ট্যাংকার ও তিন লাখ লিটার ফার্নেস অয়েল নিয়ে বিপদে পড়ে দুদক। আলামত বুঝে পাওয়ার পরও পতেঙ্গায় অবস্থিত র‌্যাব-৭-এর সদর দপ্তর থেকে সেগুলো নিয়ে আসতে পারছে না প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে মামলাটির বর্তমান তদন্ত কর্মকর্তা ও দুদকের উপসহকারী পরিচালক খলিলুর রহমান সিকদার প্রথম আলোকে জানান, ‘তদন্ত শেষ করতে কত সময় লাগবে, তা এখনই বোঝা যাচ্ছে না। তদন্তকালে এসব আলামত কোথায় রাখব বুঝতে পারছি না। আর দীর্ঘ প্রায় দুই বছরে তেলগুলোর গুণগত মানও নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই সেগুলো বিক্রির জন্য আদালতের দ্বারস্থ হয়েছি।’ জানা গেছে, তেলগুলো বিক্রি করলে সরকারি কোষাগারে বিপুল অঙ্কের টাকা জমা দেওয়ার সুযোগ রয়েছে। এ জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে একটি বিক্রয় কমিটি গঠন করতে গত বুধবার আদালতে আবেদন করে দুদক।
দুদক ও র‌্যাব সূত্র জানায়, চট্টগ্রামের পশ্চিম মাদারবাড়ির আনু মাঝির ঘাটে ২০১২ সালের ২০ মে রাতে অভিযান চালিয়ে প্রায় তিন লাখ লিটার ফার্নেস অয়েলসহ ১১টি ট্যাংক-লরি আটক করে র‌্যাব। তখন কর্ণফুলী নদীর ওপর থাকা একটি অয়েল ট্যাংকার এবং লরিগুলোর চালক ও সহকারীসহ ২৩ জনকে হাতেনাতে আটক করে র‌্যাব। এ ঘটনায় পরদিন পদ্মা অয়েলের পাঁচ কর্মকর্তাসহ ৩১ জনের বিরুদ্ধে নগরের ডবলমুরিং থানায় মামলা করা হয়। মামলার বাদী ছিলেন র‌্যাব-৭-এর উপসহকারী পরিচালক শামসুল হক। কিছুদিন পরে মামলাটির তদন্তের ভার পড়ে র‌্যাবের ওপরে।
মামলার এজাহারে বলা হয়, বিভিন্ন স্টিল রি-রোলিং মিল, জুট মিল, বিদ্যুৎ মিলের নামে অসৎ উপায়ে দুই লাখ ৯৮ হাজার লিটার তেল উত্তোলন করে আসামিরা পরস্পরের যোগসাজশে সেগুলো বিদেশে পাচারের চেষ্টা করছিল। তেলভর্তি পদ্মা, মেঘনা, যমুনার মনোগ্রামসংবলিত ১১টি ট্যাংক-লরি আনু মাঝির ঘাটে নিয়ে সেখান থেকে নদীতে অবস্থিত অয়েল ট্যাংকারে বোঝাই করছিলেন আসামিরা। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো. রাকীবুল আমিনের নেতৃত্বে একটি দল হাতেনাতে ২৩ আসামিকে আটক করে। আসামিরা সবাই এখন জামিনে আছেন।
র‌্যাব ও দুদক সূত্রে জানা গেছে, তেলগুলো পদ্মা অয়েল কোং থেকে উত্তোলন করার প্রমাণ পাওয়া গেছে। তবে তেলগুলোর মালিকানা এখনো কেউ দাবি করেনি। সেগুলো বিক্রির জন্য যে কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির কয়েকজন সদস্যও এ ঘটনায় জড়িত বলে র‌্যাবের তদন্তে প্রমাণিত হয়েছে। কিন্তু এখতিয়ার না থাকায় এর বেশি কিছু বের করতে পারেনি র‌্যাব। পদ্মা অয়েলের পাশাপাশি বিপিসি, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল কোম্পানির কর্মকর্তারা জড়িত থাকতে পারে বলেও তদন্তে উল্লেখ করা হয়।
এ প্রসঙ্গে র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘মামলাটি এখন আর র‌্যাবের হাতে নেই। তদন্তে ঘটনার সঙ্গে সরকারি বেশ কয়েকজন কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে, যা দুদকের তফসিলভুক্ত অপরাধ। সে কারণে মামলাটি দুদকে হস্তান্তর করা হয়েছে।’