ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে আটক হওয়া তিনজনকে ছেড়ে দিয়েছে পুলিশ। রোববার বেলা দুইটায় আটক হওয়ার পর তাঁদের ওই দিনই রাত পৌনে ১২টার দিকে ছেড়ে দেওয়া হয়।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী নিজেদের দাবির পক্ষে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিতে গেলে শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে থেকে এই তিনজনকে আটক করা হয়। এ সময় পুলিশ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের লাঠিপেটা করে ও তাঁদের ওপর জলকামান ছোড়ে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন।
এর আগে বেলা ১১টার দিকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আরও দুজন আহত হন। পুলিশের শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) হাবিল হোসেন দুই ছাত্রীকে পেছন থেকে লাথি মারেন।
পরবর্তী কর্মসূচি ঠিক করতে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈঠক করেন আন্দোলনকারীরা। যোগাযোগ করা হলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী জনি আহমেদ বলেন, শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ও পরিদর্শক হাবিল হোসেনের বরখাস্তের দাবিতে ১০ ডিসেম্বর বিক্ষোভ সমাবেশ হবে।