আটক তিনজনকে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের মজিদপুর এলাকার তরুণ নাঈম হত্যার রহস্য এখনো উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটকের পর তিনজনকে অর্থের বিনিময়ে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।নিখোঁজ হওয়ার ১১ দিন পর গত শনিবার পুলিশ সাভারের শাহীবাগ এলাকা থেকে নাঈমের (১৭) লাশ উদ্ধার করে। তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ব্যাপারে নাঈমের মা নাসিমা বেগম বাদী হয়ে সাভার থানায় একটি মামলা করেছেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে নাঈম বাড়ি ফিরলে তার মা দরজা না খোলায় সে চলে যায়। এর পর থেকে সে নিখোঁজ ছিল। গত শনিবার বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ শাহীবাগ এলাকা থেকে তার লাশ উদ্ধার করে। মামলায় সন্দেহভাজন খুনি হিসেবে মজিদপুরের সাইদুল ও হাবিবের নাম উল্লেখ করা হয়। কিন্তু মামলায় তাঁদের বাবা-মায়ের নাম উল্লেখ করা ছিল না।এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গত রোববার সকালে পুলিশ মজিদপুরের দুলাল মিয়ার ছেলে সাইদুল (২৫), রহিম (২৩), সুজন (২৪) ও হাবিবুর রহমানের ছেলে সাইদুলকে (২৪) আটক করে। পরে দুলাল মিয়ার ছেলে সাইদুলকে সন্দেভাজন আসামি করে ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হয়। অন্যদের মুচলেকা রেখে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়। গ্রেপ্তার হওয়া সাইদুলের পরিবারের সদস্যরা জানান, সাইদুল নিহত নাঈমের ঘনিষ্ঠ বন্ধু হলেও তাকে হত্যা করার মতো কোনো কারণ নেই। আর নাঈম হত্যার সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণও পুলিশের কাছে নেই। তাঁদের অভিযোগ, সন্দেহভাজন হিসেবে আটক করেও পুলিশ মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তিনজনকে ছেড়ে দিয়েছে। আর তাঁরা টাকা দিতে ব্যর্থ হওয়ায় সাইদুলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।যোগাযোগ করা হলে নিহত নাঈমের মা নাসিমা বেগম জানান, কারা তাঁর ছেলের আসল খুনি তা তাঁরা নিশ্চিত নন।তবে মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হক শিকদার বলেন, মাদকসংশ্লিষ্টতার কারণে নাঈম খুন হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অর্থের বিনিময়ে কাউকে ছাড়া হয়নি বলে তিনি দাবি করেন।