আটক দুই জঙ্গিকে মুখোমুখি করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহের পাশে জঙ্গি হামলার ঘটনায় র‌্যাবের হেফাজতে থাকা শফিউল ইসলাম ও পুলিশ রিমান্ডে থাকা জাহিদুল হককে খুব দ্রুতই জিজ্ঞাসাবাদের জন্য মুখোমুখি করা হবে বলে জানিয়েছে পুলিশ।

র‍্যাব-১৪-এর কর্মকর্তারা জানান, শোলাকিয়া জঙ্গি হামলা মামলার প্রধান আসামি শফিউল হামলার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা শফিউল জানান, হামলার ঘটনায় পাঁচজন জড়িত ছিলেন। তাঁরা সবাই শহরের নীলগঞ্জ এলাকার পরশমণি নামক বাড়িতে বসে হামলার পরিকল্পনা করেন। হামলার অভিযানে নিহত আবির রহমান ও শফিউল সরাসরি অংশ নিলেও অন্যরা পরবর্তী হামলার জন্য প্রস্তুত ছিলেন। শফিউলের ভাষ্যমতে, পুলিশ এখনো ওই যুবকদের গ্রেপ্তার করতে পারেনি।

এদিকে কিশোরগঞ্জ পুলিশের রিমান্ডে থাকা জাহিদুল পুলিশের কাছে দাবি করেছেন, তিনি হামলায় সরাসরি অংশ নেননি। হামলাকারী অপর দুজনের সঙ্গে থেকে সহযোগী হিসেবে কাজ করেছেন। কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, জাহিদুল নিহত আবির ও আটক শফিউল সম্পর্কে এখনো সঠিক কোনো তথ্য দিচ্ছেন না। এ জন্য খুব দ্রুত শফিউল ও জাহিদুলকে মুখোমুখি করা হবে।

মীর মোশারফ বলেন, শোলাকিয়া হামলার পরিকল্পনার সঙ্গে জাহিদুল যে জড়িত ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। ঘটনার দিন জাহিদুলকে নিহত জঙ্গি আবিরের খুব কাছ থেকে গ্রেপ্তার করা হয়। আবির যেখান থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন, তার পাশেই ছিলেন জাহিদুল। গোলাগুলির একপর্যায়ে পুলিশের গুলিতে আবির নিহত হলে জাহিদুল পাশের বাসায় আত্মরক্ষার্থে লুকিয়ে থাকেন। এমনকি জাহিদুল তাঁর পরনের পাঞ্জাবি খুলে স্থানীয় আবদুল হান্নানের বাসার ফ্রিজের পেছনে লুকিয়ে রাখেন। পুলিশ সেগুলোও জব্দ করেছে। জাহিদুলের জঙ্গিদের গাইড হিসেবে কাজ করার আরও প্রমাণ পাওয়া গেছে। তিনি ভালো বাংলা বলা ছাড়াও ইংরেজি ও ফারসি ভাষায় পারদর্শী।

ঈদের দিন ৭ জুলাই শোলাকিয়া ঈদগাহের কাছে পুলিশের ওপর জঙ্গি হামলায় পুলিশের দুই সদস্যসহ চারজন নিহত হন।

বাসিন্দাদের তথ্য সংগ্রহ শুরু: এদিকে শোলাকিয়া ঈদগাহের কাছে তল্লাশিচৌকিতে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে সদর পৌরসভায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি ভাড়াটে ও বাড়িওয়ালাদের তথ্য সংগ্রহ করে ডেটাবেইস করার উদ্যোগ নিয়েছে পুলিশ। ইতিমধ্যে শহরে মাইকিং করে বাড়িওয়ালাদের থানা থেকে তথ্য সংগ্রহের ফরম নিতে বলা হচ্ছে।

হামলার পর জানা যায়, জঙ্গিরা নিজেদের কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থী পরিচয় দিয়ে শোলাকিয়া মাঠের এক কিলোমিটার দূরে শহরের নীলগঞ্জ এলাকায় বাসা ভাড়া নিয়েছিল। পরশমণি নামক ৪৩২ নম্বর ওই বাড়ি থেকেই জঙ্গিরা ঈদগাহে হামলার পরিকল্পনা করে বলে জানায় পুলিশ। এরপর থেকেই নড়েচড়ে বসেছে কিশোরগঞ্জের পুলিশ প্রশাসন।

হামলার পরদিন থেকে মাইকিংসহ বিভিন্ন সভা-সমাবেশে বাড়ির ভাড়াটেসংক্রান্ত তথ্যাদি সংরক্ষণ করে থানায় জমা দেওয়ার তাগিদ দিচ্ছে পুলিশ। বাড়ির মালিক, ভাড়াটে, কাজের লোক ও গাড়ির চালকদের সব তথ্য নির্দিষ্ট ফরমে লিপিবদ্ধ করে থানায় জমা দিতে বলা হচ্ছে। ফরমের সঙ্গে ভাড়াটেদের এক কপি ছবি নেওয়া হচ্ছে। সব ভাড়াটের নাম, পরিচয়, বর্তমান ও স্থায়ী ঠিকানা, পিতা-মাতার নাম, ভোটার কার্ড, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র ও কর্মক্ষেত্রের পরিচয়পত্র সংরক্ষণ করতে বাড়ির মালিকদের বলে দেওয়া হয়েছে।