আটক দুই তরুণকে ফেরত দিয়েছে বিএসএফ
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে মামনুর রশিদ (২৫) ও আমিনুর রহমান (১৯) নামের দুই তরুণকে আটকের পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পতাকা বৈঠকের মাধ্যমে গতকাল মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে তাঁদের ফেরত দেয় বিএসএফ।
মামুনুর রশিদ উপজেলার দামোদরপুর গ্রামের সামসুল আলমের ছেলে ও আমিনুর একই গ্রামের নাজিমুদ্দীনের ছেলে।
বিজিবি ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কোরবান আলী বলেন, ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফের নর্থ আগ্রা ক্যাম্পের সদস্যরা মামনুর ও আমিনুরকে আটক করে। ওই দুজনকে ফেরত দিতে বিএসএফের নর্থ আগ্রা ক্যাম্পের কমান্ডারকে লিখিত চিঠি দেয় বিজিবি। বিকেল চারটায় সীমান্তের মেইন পিলার ২৮৯-এর ২১ সাব-পিলারের কাছে পতাকা বৈঠকে মিলিত হয় বিজিবি ও বিএসএফ। পতাকা বৈঠকের পর মামনুর ও আমিনুরকে বিজিবির হাতে তুলে দেয় বিএসএফ।