আটক দুই যুবক ফের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শহরতলির খাদিমপাড়া ইউনিয়নের পূর্ব দলইপাড়ায় দাদি-নাতনি খুনের ঘটনায় আটক দুই যুবককে দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে দ্বিতীয় দফায় আরও এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বুধবার সিলেটের অতিরিক্ত বিচারিক হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দুই যুবককে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড প্রার্থনা করেন। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পুলিশ সূত্র জানায়, গত শনিবার দুপুরে বেসরকারি সংস্থায় কর্মরত নাসিরউদ্দিনের পূর্ব দলইপাড়ার নিজ বাড়িতে তাঁর স্কুলপড়ুয়া মেয়ে সাবিহা আক্তার (৭) ও মা মোমিনা খাতুন (৭০) অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে খুন হন। এ ঘটনায় ওই রাতেই সন্দেহজনকভাবে র‌্যা ব ও পুলিশের হাতে তারেক ও আফজল মিয়া ওরফে ফারুক নামের দুই যুবক আটক হয়। এঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দাদি-নাতনি হত্যা মামলায় সন্দেহভাজন গ্রেপ্তার দেখিয়ে গত সোমবার আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। গতকাল বুধবার এদের রিমান্ড শেষ হয়েছিল। মামলার তদন্ত কর্মকর্তা ও শাহ পরান থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিনউদ্দিন জানান, প্রথম দফায় দুই দিনের রিমান্ডে নিয়ে গত সোম ও মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে ঘটনার সময় ওই এলাকায় তাঁদের অবস্থান করার কথা স্বীকার করলেও খুনের ঘটনায় সংশ্লিষ্টতা অস্বীকার করছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে খুনের কারণ ও খুনি শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।